মালয়েশিয়ায় আয়রনম্যান ৭০.৩, সফল তিন বাংলাদেশি
মালয়েশিয়ার দেসারু কোস্টে আজ রোববার সকালে অনুষ্ঠিত অর্ধদূরত্বের আয়রনম্যান ৭০.৩-এ সফল হয়েছেন তিন বাংলাদেশি। আয়রনম্যান বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত এতে অংশ নেন। এ ছাড়া ফাতিন আল ফারাবি ও মো. সাজ্জাদ হোসেন এ প্রতিযোগিতায় সফল হয়েছেন।
সাঁতার, সাইক্লিং ও দৌড়ের সমন্বয়ে যে খেলা, তা ট্রায়াথলন নামে পরিচিত। আর ট্রায়াথলনের সবচেয়ে কঠিন প্রতিযোগিতা আয়রনম্যান। অর্ধদূরত্বের আয়রনম্যান ৭০.৩-এ সাড়ে ৮ ঘণ্টা সময়ের মধ্যে ১ দশমিক ৯ কিলোমিটার সাঁতার, ৯০ কিলোমিটার সাইক্লিং ও ২১ দশমিক ১ কিলোমিটার দৌড় সম্পন্ন করতে হয়।
মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত আজকের প্রতিযোগিতায় বেশ ভালো করেছেন। তিনি ৪ ঘণ্টা ৪৪ মিনিট ৪ সেকেন্ড সময় নিয়ে আয়রনম্যান ৭০.৩ দেসারু কোস্ট সম্পন্ন করেন। আরাফাত তাঁর বয়স গ্রুপে (৩৫-৩৯ বছর) ৬৬ জনের মধ্যে নবম স্থান অর্জন করেছেন। মোট ৪০৬ জন সফল প্রতিযোগীর মধ্যে আরাফাতের অবস্থান ২৯তম। আরাফাত হোয়াটসঅ্যাপে প্রথম আলোকে বলেন, ‘আয়রনম্যান রেসটা আমাদের দেশে তেমন পরিচিত ছিল না। দীর্ঘ ১০ বছরের এই জার্নিতে আয়রনম্যান রেসটা দেশের মূলধারার ক্রীড়ায় যুক্ত হতে দেখে খুব ভালো লাগছে। আমার এই রেস করা সার্থক। আমার পরবর্তী লক্ষ্য ১০ ঘণ্টায় পূর্ণদূরত্বের আয়রনম্যান সম্পন্ন করা।’ পেশাগত জীবনে মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক। আরাফাত এর আগে ১১ বার পূর্ণদূরত্বের আয়রনম্যান সম্পন্ন করেছেন। আজকেরটা নিয়ে নবমবারের মতো আয়রনম্যান ৭০.৩ সম্পন্ন করলেন।
আজকের প্রতিযোগিতায় ৪ ঘণ্টা ৫০ মিনিট ২৯ সেকেন্ড সময় নিয়েছেন মো. সাজ্জাদ হোসেন। নিজের বয়স গ্রুপে (২৫-২৯) তিনি ৩৯ জন প্রতিযোগীর মধ্য ষষ্ঠ স্থান অর্জন করেছেন। আর মোট প্রতিযোগীদের মধ্যে হয়েছেন ৩৬তম। সাজ্জাদ ট্রায়াথলন প্রশিক্ষক হিসেবে কাজ করেন। তিনি দ্বিতীয়বারের মতো আয়রনম্যান ৭০.৩ প্রতিযোগিতায় অংশ নিলেন। এর আগে কলম্বোয় অবশ্য তিনি প্রতিযোগিতা সম্পন্ন করতে পারেননি।
ফাতিন আল ফারাবি আজ সময় নিয়েছেন ৬ ঘণ্টা ২৯ মিনিট ১২ সেকেন্ড। তিনি তাঁর বয়স গ্রুপে (৩৫-৩৯) ৬৬ জনের মধ্যে ৪৫তম হয়েছেন। সব প্রতিযোগীর মধ্যে ২৬৯তম হয়েছেন। পেশায় ব্যবসায়ী ফাতিন আল ফারাবি এর আগে লংকাউইতে আয়রনম্যান ৭০.৩ সম্পন্ন করেছেন।
আজকের আয়রনম্যান ৭০.৩ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন কিরগিজস্তানের ইভজেনি টিখোনিন (৩ ঘণ্টা ৪৯ মিনিট ৩৬ সেকেন্ড)। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার জেড র্যাডবোন (৩ ঘণ্টা ৫৭ মিনিট ২৯ সেকেন্ড) ও কিরগিজস্তানের ইলিয়া কোসভ (৪ ঘণ্টা ৩ মিনিট ৪৯ সেকেন্ড)।