দুদকের দুই মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর জামিন নামঞ্জুর

সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আজ আদালতে হাজির করা হয়ছবি: প্রথম আলো

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাজধানীর পূর্বাচলে প্লট আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুরে শুনানি শেষে ঢাকার জ্যেষ্ঠ স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর মোহাম্মদ তরিকুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

তরিকুল ইসলাম বলেন, ‘আসামিপক্ষের আইনজীবীরা পৃথক দুই মামলায় শামসুদ্দিন চৌধুরী মানিকের জামিন চেয়ে শুনানি করেন। দুদকের পক্ষে আমরা সেটার বিরোধিতা করি। শুনানি শেষে আসামির জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।’

দুদকের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে এ দুটি মামলা করেছেন।

একটি মামলার এজাহারে বলা হয়েছে, বিচারপতির ক্ষমতার অপব্যবহার করে এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক জ্ঞাত আয়বহির্ভূত ৫ কোটি ৩৯ লাখ ৬৬ হাজার ৮২০ টাকার সম্পদের মালিক হয়েছেন। এ কারণে তাঁর বিরুদ্ধে মামলা করেছে দুদক।

বিচারপতি থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে একটি প্লট আত্মসাৎ করার অভিযোগে শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে দুদক।

দুদকের এ মামলায় শামসুদ্দিন চৌধুরী মানিক ছাড়াও সাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের স্ত্রী কাশমিরি কামাল, রাজউকের সাবেক চেয়ারম্যান নুরুল হুদা, সদস্য (অর্থ) আবু বক্কার সিকদার, সদস্য (উন্নয়ন) এম মাহবুবুল আলম, সদস্য আবদুল হাই, সাবেক চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন ভুঁইয়াকে আসামি করা হয়েছে।