গ্রাহকদের অংশগ্রহণে উৎসব-আনন্দে ‘সোনালিকা ডে’ উদ্‌যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিনির্ভর দেশ বাংলাদেশ। কৃষি খাতে উন্নয়নের জন্য বিভিন্ন সময় ব্যবহার করা হচ্ছে আধুনিক সব যন্ত্রপাতি। সেগুলোর মধ্যে অন্যতম হলো ট্রাক্টর। আর ট্রাক্টরের জগতে সুপরিচিত ও বিশ্বস্ত একটি নাম এসিআই মটরসের ব্র্যান্ড সোনালিকা। অন্যান্য ট্রাক্টরের তুলনায় ১২ শতাংশ বেশি শক্তিশালী ‘হেভি ডিউটি মাইলেজ’ ইঞ্জিনের এই ট্রাক্টর বাংলাদেশের কৃষি উৎপাদন ও কৃষি পরিবহন খাতে যোগ করেছে নতুন মাত্রা।

২০০৭ সালের নভেম্বরে আন্তর্জাতিক মানসম্পন্ন কৃষি যন্ত্রপাতি বাজারজাতকরণের লক্ষ্যে যাত্রা শুরু করে এসিআই মটরস। বর্তমানে এসিআই মটরস কৃষকদের জন্য কৃষি-খামারভিত্তিক যান্ত্রিকীকরণ নিশ্চিত করছে। এটি উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে উৎপাদন খরচ হ্রাস এবং আধুনিক কৃষি যন্ত্রপাতির সঙ্গে কৃষকদের পরিচয় করিয়ে দিচ্ছে। কৃষিভিত্তিক অর্থনীতি ও কৃষিপ্রধান দেশ হিসেবে বাংলাদেশের মানুষের খাদ্যনিরাপত্তার জন্য এটি অনন্য পদক্ষেপ। এসিআই মটরসের এই কৃষি যান্ত্রিকীকরণে যাত্রা শুরু হয় সোনালিকা ট্রাক্টর দিয়ে। এ ট্রাক্টর ও পাওয়ার টিলার দিয়ে দেশের এক-তৃতীয়াংশ জমি চাষ হচ্ছে। বর্তমানে সোনালিকার ২৩ হাজারের বেশি সন্তুষ্ট গ্রাহক রয়েছে।

কয়েক বছর ধরে সোনালিকা ট্রাক্টর বাংলাদেশের ট্রাক্টর ইন্ডাস্ট্রিতে শীর্ষস্থানে অবস্থান করছে। এ অর্জনের অন্যতম প্রধান কারণ এসিআই মটরসের ছয় ঘণ্টা সার্ভিসের নিশ্চয়তা, যা নিশ্চিত করেছে সর্বোপরি গ্রাহকসন্তুষ্টি।

এসিআই মটরস গ্রাহকদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদের সেবার ধারাবাহিকতা বজায় রাখে। সেই ধারাবাহিকতায় প্রতিবছরের মতো এবারও এসিআই মটরস আয়োজন করেছে ‘বার্ষিক সার্ভিস ক্যাম্পেইন ও মতবিনিময় সভা’। এটি সোনালিকা গ্রাহকদের জন্য একটি মিলনমেলা। এই সার্ভিস ক্যাম্পেইনে ট্রাক্টরমালিক, ড্রাইভার ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকেন। সোনালিকা সার্ভিস ক্যাম্পেইন গ্রাহকদের একটি অন্যতম উৎসব। সার্ভিস ক্যাম্পেইনে ফ্রি সার্ভিসের পাশাপাশি গ্রাহকেরা ট্রাক্টর সম্পর্কে তাঁদের মতামত প্রদান করেন। ফলে এসিআই মটরস গ্রাহকদের চাহিদা পূরণে আরও সচেতন হয়। আসন্ন কৃষি মৌসুমের জন্য গ্রাহকদের ট্রাক্টর প্রস্তুতি নিশ্চিতকরণই এ সার্ভিস ক্যাম্পেইনের অন্যতম প্রধান উদ্দেশ্য।

দেশের প্রায় প্রতিটি জেলাতেই আয়োজন করা হয় সোনালিকা সার্ভিস ক্যাম্পেইন ও মতবিনিময় সভা। এ ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকেরা ফ্রি সার্ভিসের সঙ্গে পাচ্ছেন তাঁদের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা, গেম শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সার্ভিস ক্যাম্পেইনে সকাল থেকেই থাকে প্রোডাক্ট ডিসপ্লে আর আপ্যায়নের সুব্যবস্থা। এ ছাড়া বিভিন্ন রকম গেম শো ও গ্রাহক ফিডব্যাকের ওপরই থাকে বিভিন্ন পুরস্কার। এবারের সার্ভিস ক্যাম্পেইনে সোনালিকা সারপ্রাইজ অফারে থাকছে স্মার্টফোন, ঘর সাজানোর আসবাব, ডিনার সেটসহ অনেক আকর্ষণীয় উপহার। সঙ্গে বুকিংয়ে থাকছে বিভিন্ন প্রকার অফার।

২০২২ সালের প্রথম সার্ভিস ক্যাম্পেইন আয়োজিত হয়েছে কুমিল্লা জেলার চান্দিনায় ১৪ সেপ্টেম্বর, যেখানে অংশগ্রহণ করেন তিন শতাধিক গ্রাহক। এখানে ৭০টির বেশি ট্রাক্টরকে সার্ভিসিং করা হয়। এ ছাড়া ডেলিভারি দেওয়া হয় ১০টি নতুন সোনালিকা ট্রাক্টর। এই ক্যাম্পেইনে গ্রাহকদের সুবিধা বৃদ্ধিতে সোনালিকা ট্রাক্টরে পাঁচ বছরের ওয়ারেন্টি পলিসি ও গ্রাহকদের যথাসময়ে তথ্য ও সার্ভিস সুবিধার্থে ‘সমৃদ্ধি অ্যাপ’ নামে নতুন অ্যাপ উদ্বোধন করা হয়। এ ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসিআই মটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস। এ ছাড়া উপস্থিত ছিলেন এসিআই মটরসের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিলার, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা।