জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, প্রতি আসনে শতাধিক পরীক্ষার্থী
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদ) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ‘বি’ ইউনিটের ৭৮৫টি আসনের বিপরীতে মোট আবেদনকারীর সংখ্যা ছিল ৭৯ হাজার ৮০৭। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়েছেন ১০১ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন খ্রীষ্টিন রিচার্ডসন এ তথ্য নিশ্চিত করেছেন।
এবারের ভর্তি পরীক্ষা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ মোট ১৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। ঢাকার কেন্দ্রগুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, কে এল জুবলি হাইস্কুল অ্যান্ড কলেজ, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা মহানগর মহিলা কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ও সিদ্ধেশ্বরী গার্লস কলেজ।
এ ছাড়া ঢাকার বাইরে তিনটি আঞ্চলিক কেন্দ্র হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রেও পরীক্ষা নেওয়া হয়।
মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষার মধ্যে ৭২ নম্বর ছিল বহুনির্বাচনি (এমসিকিউ)। বাকি ২৮ নম্বর নির্ধারণ করা হয়েছে পরীক্ষার্থীর এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর। প্রশ্নপত্রে ইংরেজি, বাংলা ও সাধারণ জ্ঞান বিষয় অন্তর্ভুক্ত ছিল।
আইন অনুষদের ডিন খ্রীষ্টিন রিচার্ডসন বলেন, ‘আমাদের ৭৮৫ আসনের বিপরীতে ৭৯ হাজার ৮০৭ জন আবেদন করেছেন।’
এদিকে কারিগরি বা ব্যক্তিগত সমস্যার কারণে যে শিক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারেননি, তাঁদের পরীক্ষায় অংশগ্রহণে কোনো বাধা দেওয়া হয়নি। খ্রীষ্টিন রিচার্ডসন বলেন, নামের তালিকা যাচাই করে এসব শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছিল।
প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণকারীদের বিষয়ে ডিন আরও বলেন, তাঁদের উত্তরপত্র আলাদাভাবে সংরক্ষণ করা হবে। এসব উত্তরপত্র পৃথক খামে রেখে যাচাই-বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।