ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাশিবির পরিদর্শন রেড ক্রিসেন্টের প্রতিনিধিদলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কোষাধ্যক্ষ এম এ সালাম।
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়া উপজেলায় সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বালুখালী রোহিঙ্গা আশ্রয়শিবির (ক্যাম্প–১১) পরিদর্শন করেছেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কোষাধ্যক্ষ এম এ সালাম। তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের মাঝে অস্থায়ী ঘর নির্মাণসামগ্রী, শুকনা খাবার ও অন্য ত্রাণসামগ্রী বিতরণ করেছেন।

বুধবার পরিদর্শনের সময় এম এ সালাম ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির কক্সবাজারস্থ পপুলেশন মুভমেন্ট অপারেশনের প্রধান বেলাল হোসেন এবং আইএফআরসির হেড অব সাব ডেলিগেশন ঋষিকেশ হরিচন্দন। ১১ নম্বর শিবিরের ইনচার্জ (সিআইসি) পারভেজ চৌধুরীর সঙ্গেও দেখা করেন এম এ সালাম।

গত রোববার বিকেলে উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের ভয়াবহ এক অগ্নিকাণ্ড হয়। এতে তিন হাজারের বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

এম এ সালাম বলেন, ‘বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মী ও স্বেচ্ছাসেবকেরা অতি দ্রুত এই দুর্যোগে সাড়া দিয়েছেন। আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ। ১১ নম্বর শিবিরে রেড ক্রিসেন্ট পানি ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা এবং আশ্রয় বিষয়ে মূল ভূমিকা পালন করে আসছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আবাসস্থল পুনরায় নির্মাণ, পানি ও স্বাস্থ্যসেবায় প্রথম দিন থেকে কাজ করছি আমরা। বাংলাদেশ সরকার এবং দাতব্য সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা ও সমন্বয় করে কাজ করতে আমরা প্রস্তুত আছি।’