এনবিআরের সাবেক সদস্য মতিউরের স্ত্রী লায়লার আয়কর নথি জব্দের আদেশ

আদালত চত্বরে মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ। ঢাকা, ১৫ জানুয়ারিফাইল ছবি

‘ছাগল–কাণ্ডে’ আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ রোববার এ আদেশ দেন।

এর আগে দুদকের পক্ষ থেকে লায়লা কানিজের আয়কর নথি জব্দের আদেশ চেয়ে আদালতে আবেদন করা হয়। তাতে বলা হয়েছে, দুদকে জমা দেওয়া আয়কর বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন লায়লা কানিজ। তিনি ১ কোটি ৫৩ লাখ টাকার তথ্য গোপন করেছেন। আর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন ১৩ কোটি টাকার। পরে আদালত লায়লা কানিজকে নিজের আয়কর নথি জব্দের আদেশ দেন। এর আগে গত ২৬ জানুয়ারি লায়লা কানিজকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত।

গত ১৫ জানুয়ারি মতিউর রহমান ও তাঁর স্ত্রী লায়লা কানিজকে রাজধানীর বসুন্ধরা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে লায়লা কানিজকে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে লায়লার স্বামী এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমানকে ভাটারা থানার অস্ত্র মামলায় তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউর রহমান ও তাঁর প্রথম স্ত্রী লায়লা কানিজ, তাঁদের ছেলে তৌফিকুর রহমান ও মেয়ে ফারজানা রহমানের বিরুদ্ধে ৬ জানুয়ারি পৃথক তিনটি মামলা করে দুদক।