ঢাকার যে ৩৭ ভোটকেন্দ্রে থাকবে বাড়তি নজরদারি

ভোটকেন্দ্রফাইল ছবি: প্রথম আলো

রাজধানীর বেরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি বাড্ডা থানা থেকে প্রায় সাত কিলোমিটার দূরে। নির্বাচনের দিন এখানে কোনো সহিংসতা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে যেতে যেতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বাড্ডা থানা থেকে দূরবর্তী এই ভোটকেন্দ্রে তাই বাড়তি নিরাপত্তাব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুধু বেরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই ভোটকেন্দ্রই নয়, ঢাকা মহানগরে এমন ৩৭টি ভোটকেন্দ্রে বাড়তি নজরদারি থাকবে পুলিশের। পুলিশ ও নির্বাচন কমিশন এবার সারা দেশের ভোটকেন্দ্রগুলোকে গুরুত্বপূর্ণ ও সাধারণ হিসেবে চিহ্নিত করেছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রের চেয়েও প্রায় দ্বিগুণ পুলিশ মোতায়েন রাখা হবে এই ৩৭ ভোটকেন্দ্রে।

পুলিশের একটি সূত্র বলছে, এসব ভোটকেন্দ্রে একজন অস্ত্রসহ উপপরিদর্শকের (এসআই) নেতৃত্বে সাতজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। যেখানে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) কেন্দ্রে থাকবেন একজন এসআইসহ পুলিশের চারজন সদস্য।

ডিএমপির তথ্যানুযায়ী, ঢাকা মহানগর এলাকায় ১ হাজার ৯৭টি ভেন্যুতে ভোটকেন্দ্র রয়েছে ২ হাজার ১৩১টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ১ হাজার ৫১৬টি। সাধারণ কেন্দ্র রয়েছে ৫২৫টি। এসব কেন্দ্রের নিরাপত্তায় প্রায় ২৬ হাজার পুলিশ সদস্য কাজ করছেন। এ ছাড়া ডিএমপিতে চারটি কন্ট্রোল রুম ও আটটি সাব কন্ট্রোল রুম থাকবে। এসব কন্ট্রোল রুমে বসবেন শীর্ষ কর্মকর্তারা।

পুলিশের ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকায় রয়েছে এই ৩৭টি ভোটকেন্দ্র। তবে থানা থেকে দূরত্ব, সরু রাস্তা, ভোটার সংখ্যা ও নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, থানা থেকে বেশ দূরে অবস্থিত এমন ৩৭টি কেন্দ্রকে চিহ্নিত করে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, নগরবাসী যাতে নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য সব ধরনের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

৩৭ কেন্দ্র

ডিএমপি সূত্র জানায়, ঢাকা মহানগর এলাকার আটটি অপরাধ বিভাগের মধ্যে সবচেয়ে বেশি কেন্দ্র রয়েছে গুলশান বিভাগে ১২টি। কেন্দ্রগুলো হলো বাড্ডার সাঁতারকুল এলাকার জয় অ্যান্ড হোপ স্কুল, মনপুরা কলেজ, সাঁতারকুল স্কুল অ্যান্ড কলেজ, সাঁতারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দ্বীন মোহাম্মদ বালিকা দাখিল মাদ্রাসা, বেরাইদ মুসলিম হাইস্কুল, বেরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শতদল হাইস্কুল, এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ, খিলক্ষেত এলাকায় তলনা রুহল আমিন খান উচ্চবিদ্যালয়, বরুয়া আলাউদ্দিন দেওয়ান উচ্চবিদ্যালয়, পাতিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পুলিশের ওয়ারী বিভাগে এ ধরনের ভোটকেন্দ্র রয়েছে দুটি। কেন্দ্র দুটি হলো ডেমরা দ্বীৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঠুলঠুলিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা। পুলিশের মতিঝিল এলাকায় এ ধরনের কেন্দ্র রয়েছে দুটি। সেগুলো হলো দাসেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। রমনা বিভাগের দুটি কেন্দ্র হলো বছিলা উচ্চবিদ্যালয়, বছিলা পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পুলিশের তেজগাঁও বিভাগে এ ধরনের কেন্দ্র রয়েছে তিনটি। কেন্দ্রগুলো হলো জাফরাবাদ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলহাজ্ব আব্দুল হাসেম খান ইউসেপ টেকনিক্যাল স্কুল ও রায়েরবাজার কমিউনিটি সেন্টার।

লালবাগ বিভাগে এ ধরনের কেন্দ্র রয়েছে ছয়টি। কেন্দ্রগুলো হলো ছোট কাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামরাঙ্গীরচর আলোকিত প্রি–ক্যাডেট স্কুল, মহানগর পাবলিক স্কুল, রহমত আলী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছিদ্দিক মিয়া প্রাথমিক বিদ্যালয় ও কাশেম নাদিয়া জুনিয়র হাইস্কুল। বাকি কেন্দ্রগুলো পুলিশের মিরপুর বিভাগে।