মায়ার নাম চাঁদনী
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মীরা ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা মুহূর্তের অভিজ্ঞতা তুলে ধরেছেন। জীবনের মোড় বদলে দেওয়া অধ্যায়, প্রিয়জনের জন্য হৃদয়ের গভীর স্পন্দন অথবা হঠাৎ অপ্রত্যাশিত সুখের উপলব্ধি উঠে এসেছে এসব লেখায়। নির্বাচিত লেখাগুলো প্রকাশ করা হলো প্রথম আলোর পাঠকদের জন্য।
কিছু সম্পর্কের কোনো নাম হয় না। জীবনে কত রকমের সম্পর্ক তৈরি হয়! কিছু রক্তের, কিছু ভালোবাসার, কিছু আত্মীয়তার। আবার কিছু সম্পর্কের কোনো পরিচয় থাকে না, কোনো সংজ্ঞা থাকে না। কখন, কীভাবে একজন সম্পূর্ণ অপরিচিত মানুষ আমাদের এত আপন হয়ে যায়, আমরা নিজেরাও বুঝতে পারি না।
আজ তেমনই এক সম্পর্কের গল্প বলব। এক অদ্ভুত মায়ায় জড়িয়ে পড়ার গল্প। যে মায়ার শুরুটা ছিল অনিচ্ছায়, অথচ শেষটা হয়ে উঠল বুকের ভেতর জমে থাকা এক অদৃশ্য কান্না।
আমাদের মধ্যবিত্ত সংসার। তিন সন্তান, তাদের স্কুল, পড়াশোনা, সংসারের হাজারো ব্যস্ততা। সব মিলিয়ে একজন গৃহসহায়িকার ওপর অনেকটাই নির্ভর করতে হয়। প্রতিবছর ঈদের ছুটির পর আমাদের সংসারে যেন একই সংকট ফিরে আসে। গৃহসহায়িকা ছুটিতে যান, ফেরার কথা দিয়েও আর ফেরেন না। শুরু হয় নতুন কাউকে খোঁজার দুশ্চিন্তা।
এমনই এক সময়ে স্ত্রীর গ্রামের পরিচিত একজনের মাধ্যমে এক বিধবা তরুণীর খোঁজ পাওয়া গেল। কাজ করতে রাজি, তবে একটি শর্ত আছে। তাঁর দুই বছরের মেয়েকেও সঙ্গে রাখতে হবে।
আমি প্রথমে রাজি হইনি।
তিন সন্তান নিয়ে এমনিতেই আমাদের ব্যস্ত সংসার। তার ওপর এত ছোট আরেকটি শিশু! কান্নাকাটি, খেলাধুলা, ঘরের জিনিসপত্র নষ্ট করা—কত রকমের চিন্তা মাথায় এল।
স্ত্রী শান্ত গলায় বলল, ‘মেয়েটা বিধবা। ছোট বাচ্চা নিয়ে কোথায় যাবে বলো? আমাদের এখানে থাকলে ওদেরও একটু উপকার হবে।’
আমি বললাম, ‘তুমি যদি সব সামলাতে পারো, আমার আপত্তি নেই। তবে বাচ্চাটা যেন খুব বেশি ঝামেলা না করে।’
সেদিন জানতাম না, যাকে ঝামেলা ভেবে ঘরে আনতে দ্বিধা করছিলাম, একদিন তার চলে যাওয়াটাই আমার কাছে সবচেয়ে বড় কষ্ট হয়ে দাঁড়াবে।
মা আর মেয়ে আমাদের বাসায় এল।
প্রথম কয়েক দিন শিশুটিকে তেমন দেখিইনি। হয়তো ওর মা তাকে আড়ালে রাখতেন, কিংবা শিশুটিই অপরিচিত পরিবেশে ভয়ে সামনে আসত না।
একদিন হঠাৎ চোখাচোখি হলো।
ছোট্ট একটি মেয়ে। গোলগাল মুখ, মায়াভরা দুটি চোখ। চোখেমুখে ভয় আর কৌতূহলের মিশ্রণ। আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে, যেন বুঝতে চাইছে, মানুষটা কেমন!
ওর নাম চাঁদনী।
মাত্র দুই বছর বয়সে বাবাহারা এই মেয়েটা তখনো জানে না, জীবনের কত বড় একটি আশ্রয় সে হারিয়েছে। ওর চোখের দিকে তাকিয়ে হঠাৎ বুকের কোথায় যেন একটা টান অনুভব করলাম। নিজের সন্তানদের কথা মনে পড়ল। মনে হলো, এতটুকু একটা শিশুর পৃথিবীটা কতটা অনিশ্চিত!
হাত বাড়িয়ে বললাম, ‘আসবে কোলে?’
অবাক করে দিয়ে চাঁদনী আমার কোলে এল। একটু আদর করতেই ছোট্ট মুখে ফুটে উঠল হাসি।
তারপর একদিন শুনলাম, ও আমাকে ডাকছে, ‘মামা!’
কী আশ্চর্য! মাত্র দুটি অক্ষরের একটি ডাক। অথচ সেই ডাকের ভেতর কী যে ছিল! মনে হলো কোথাও যেন অদৃশ্য একটা সেতু তৈরি হয়ে গেল আমাদের মধ্যে।
এরপর ধীরে ধীরে চাঁদনী আমার প্রতিদিনের জীবনের অংশ হয়ে উঠল।
অফিস থেকে ফেরার সময় কখনো ওর জন্য চকলেট, কখনো খেলনা, কখনো ছোট্ট জামা নিয়ে আসতাম। বাসার কলবেল বাজলেই আমার সন্তানদের সঙ্গে চাঁদনীও দৌড়ে আসত।
‘মামা আসছে! মামা আসছে!’
সারা দিনের ক্লান্তি যেন ওই এক টুকরা উচ্ছ্বাসে মিলিয়ে যেত।
তবে এই ভালোবাসার মধ্যেও ছোট্ট একটা সমস্যা দেখা দিল। আমার সন্তানদের মনে একটু অভিমান জমতে শুরু করল। একদিন বড় ছেলে তার বোনকে বলল, ‘বাবা মনে হয় আমাদের চেয়ে চাঁদনীকেই বেশি ভালোবাসে!’
কথাটা কানে আসতেই বুঝলাম, ভালোবাসার প্রকাশেও ভারসাম্য রাখতে হয়। তারপর থেকে কিছু আনলে চারজনের জন্যই আনতাম। কখনো বড় মেয়ের হাতে দিয়ে বলতাম, সবাইকে ভাগ করে দিতে।
ধীরে ধীরে চাঁদনীও হয়ে উঠল ওদের খেলার সঙ্গী, আমাদের পরিবারেরই একজন।
শুক্রবারগুলো ছিল একটু অন্য রকম। জুমার নামাজে যাওয়ার সময় আমার ছেলেদের সঙ্গে চাঁদনীকেও সুন্দর পাঞ্জাবি পরিয়ে নিয়ে যেতাম। নামাজ শেষে ফেরার পথে দোকান থেকে ওদের পছন্দের কিছু কিনে দিতাম। চাঁদনীর সেই ছোট্ট আনন্দটুকু দেখেই মন ভরে যেত।
ওর একটি অদ্ভুত প্রিয় খাবার ছিল—শর্ষের তেল মাখানো মুড়ি। খিদে লাগলেই নিজের মতো করে মুড়ি খেত। আর মুড়ি শেষ হয়ে গেলে মাকে নিশ্চিন্তে বলত, ‘মামা আইন্না দিব আমার মুড়ি।’
কী গভীর বিশ্বাস!
চাঁদনী যেন ধরে নিয়েছিল, ওর মামা আছে, তাই কোনো কিছুর অভাব হবে না।
শুধু আমিই যে ওকে ভালোবাসতাম, তা নয়। চাঁদনীও আমাকে ভালোবাসত নিজের সব শিশুসুলভ সরলতা দিয়ে।
আমি গোসল করতে গেলে কাপড় এগিয়ে দেওয়ার চেষ্টা করত। কোথাও ব্যথা পেয়েছি শুনলে ওষুধ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ত। সকালে হকার পত্রিকা দিয়ে গেলে কাউকে ধরতে দিত না।
বলত, ‘মামার প্রথম আলো!’
ঘুম ভাঙলে ছোট্ট হাতে পত্রিকাটা এনে বলত, ‘মামা, তোমার প্রথম আলো।’
আমাদের একটা মজার খেলা ছিল। আমি গাল বাড়িয়ে বলতাম, ‘মারো তো দেখি!’
চাঁদনী কখনো আমাকে মারত না। অন্য কেউ গাল বাড়ালে ঠিকই ছোট্ট হাতে চড় বসিয়ে দিত। অথচ আমাকে বলত, ‘ভাল্লাগে না!’ আমাকে মারতে।
ওর এই ছোট ছোট আচরণ আমাকে অদ্ভুত এক আনন্দ দিত। বুঝতে পারতাম, মেয়েটা আমাকে শুধু ভালোবাসে না, গভীরভাবে বিশ্বাসও করে।
একদিন ওর মাকে বললাম, ‘চাঁদনীর পড়াশোনার দায়িত্ব আমি নিতে চাই। তুই তোর মতো জীবন গুছিয়ে নে। যত দিন পারি, আমরা ওর পাশে থাকব।’
সেদিন চাঁদনীর মায়ের উত্তর শুনে আমি থমকে গেলাম।
চাঁদনীর মা বললেন, ‘নিজের জীবন গেলেও মেয়ের দায়িত্ব কাউকে দেব না।’
কথাটা শুনে বুঝলাম, অভাব মানুষকে কত কিছু থেকে বঞ্চিত করতে পারে; কিন্তু মায়ের ভালোবাসা থেকে নয়। আমি চাঁদনীকে যতই ভালোবাসি, তার মায়ের কাছে সে যে পুরো পৃথিবী।
একদিন চাঁদনীর জ্বর এল।
সাধারণ জ্বর। অথচ আমার অস্থিরতার শেষ নেই। ওষুধ খেতে চায় না, কিছু খেতেও চায় না। বারবার খোঁজ নিচ্ছি, জ্বর কমল কি না। নিজের সন্তানের অসুখে যেমন বুকের ভেতর দুশ্চিন্তা জমে, চাঁদনীর জন্যও ঠিক তেমনই অনুভব করলাম।
সেদিন বুঝলাম, চাঁদনী আর আমাদের বাসায় থাকা একজন গৃহসহায়িকার সন্তান নয়। অজান্তেই মেয়েটা আমার হৃদয়ের একটা অংশ হয়ে গেছে।
এভাবেই কেটে যাচ্ছিল দিন।
হঠাৎ একদিন শুনলাম, চাঁদনীরা গ্রামে যাবে। ওর দাদা-দাদি তাকে দেখতে চান। কিছুদিনের জন্য মায়ের সঙ্গে বাড়ি ফিরবে সে।
কথাটা শোনার পর থেকেই মনটা অদ্ভুত খারাপ হয়ে রইল।
নিজেকে বোঝালাম, এ আর এমন কী! নিজের বাড়ি যাচ্ছে, হয়তো আবার ফিরেও আসবে।
কিন্তু মন কি আর সব যুক্তি বোঝে?
যাওয়ার দিন যত এগিয়ে এল, বুকের ভেতর ততই এক অজানা শূন্যতা জমতে লাগল। অথচ কাউকে কিছু বুঝতে দিলাম না। আমি এমনিতে আবেগ প্রকাশ করি; কিন্তু সেদিন নিজের আবেগটুকু আড়াল করতে চাইলাম।
অবশেষে বিদায়ের দিন এল।
চাঁদনীর প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে দিলাম। হাতে কিছু টাকা দিয়ে বললাম, ‘যা লাগবে, মামাকে বলবি। ঠিক আছে?’
ও হয়তো বুঝতেই পারছিল না, আমার ভেতরে তখন কী চলছে।
বিদায়ের সময় ছোট্ট মুখটার দিকে তাকিয়ে মনে হলো, আমার ঘরের আলোটা যেন একটু একটু করে নিভে যাচ্ছে।
আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না।
তাড়াতাড়ি বিদায় জানিয়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করলাম।
বুকের ভেতর কান্না জমে আছে। অথচ কাঁদতে পারছি না। শুধু মনে হচ্ছে, খুব আপন কেউ যেন চলে গেল।
যে শিশুটিকে একদিন ঘরে আনতে চাইনি, আজ সেই শিশুর চলে যাওয়ায় ঘরটা কেমন ফাঁকা লাগছে!
কত অদ্ভুত মানুষের মন!
চাঁদনীর সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। সমাজের হিসাবে সে আমাদের গৃহসহায়িকার মেয়ে। অথচ আমার কাছে সে হয়ে উঠেছিল আরেকটি সন্তানের মতো, আমার প্রতিদিনের আনন্দের একটি অংশ।
আজ বুঝি, সব সম্পর্ক জন্মের সঙ্গে তৈরি হয় না। কিছু সম্পর্ক জন্ম নেয় যত্নে, বিশ্বাসে আর নিঃস্বার্থ ভালোবাসায়।
চাঁদনী আমাকে শিখিয়েছে, আপন হতে রক্তের সম্পর্ক লাগে না। লাগে শুধু একটু জায়গা—মনের ভেতর।
জানি না, চাঁদনী বড় হয়ে এই দিনগুলোর কতটুকু মনে রাখবে। হয়তো একদিন ভুলে যাবে আমার কিনে দেওয়া খেলনা, শর্ষের তেল মাখানো মুড়ি কিংবা কলবেলের শব্দে ছুটে আসার সেই আনন্দ।
হয়তো মনে থাকবে শুধু একটি ডাক, ‘মামা’।
কিন্তু আমি জানি, কোনো এক ক্লান্ত বিকেলে বাসার কলবেল বেজে উঠলে আজও আমার মনে হবে, ছোট্ট দুটি পা দৌড়ে আসছে। আর কেউ একজন আনন্দে চিৎকার করে বলছে—
‘মামা আসছে! মামা আসছে!’
পৃথিবীতে কিছু মানুষ আমাদের জীবনে আসে থাকার জন্য নয়, ভালোবাসার অর্থটা নতুন করে শিখিয়ে দেওয়ার জন্য।
চাঁদনীও তেমন একজন।
সে আমার রক্তের কেউ নয়। তবু আমার হৃদয়ের খুব আপন।
কারণ, সব আপনজনের সঙ্গে রক্তের সম্পর্ক থাকে না।
কিছু সম্পর্কের নাম থাকে না, শুধু মায়া থাকে।