এবারও বিকল্প শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
চট্টগ্রাম শহীদ মিনারের নির্মাণকাজ এক বছরেও সম্পন্ন হয়নি। এ জন্য গত বছরের মতো এবারও ভাষাশহীদদের স্মরণে চট্টগ্রামের প্রধান শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা যাবে না। চট্টগ্রাম সিটি করপোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজে স্থাপিত বিকল্প শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে হবে।
তবে আগামী মার্চেই নির্মাণকাজ পুরোপুরি শেষ হবে বলে জানিয়েছেন প্রকল্প–সংশ্লিষ্ট কর্মকর্তারা। ২৬ মার্চ স্বাধীনতার দিবসের শ্রদ্ধাঞ্জলি মূল শহীদ মিনারে নিবেদন করা যাবে।
চট্টগ্রাম নগরের মুসলিম হল এলাকায় অবস্থিত শহীদ মিনারে সর্বশেষ শ্রদ্ধা জানানো হয় ২০২১ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে। আধুনিকায়নের জন্য ওই মাস থেকে বিদ্যমান শহীদ মিনার ভেঙে ফেলার কাজ শুরু হয়েছিল। আর নতুন শহীদ মিনারের কাজ শুরু হয় গত বছরের ফেব্রুয়ারিতে।
চট্টগ্রাম নগরের মুসলিম হল, গণগ্রন্থাগার (পাবলিক লাইব্রেরি) ও শহীদ মিনার নিয়ে সাংস্কৃতিক কমপ্লেক্সের নির্মাণ করা হচ্ছে। এতে ব্যয় হচ্ছে ২৩২ কোটি ৮৯ লাখ টাকা। মূল প্রকল্পের কাজ শুরু হয় ২০১৮ সালের জানুয়ারিতে।
চট্টগ্রামে আলাদা কোনো স্মৃতিসৌধ না থাকায় শহীদ মিনারেই শহীদ দিবস, স্বাধীনতা দিবস ও বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। মূল শহীদ মিনারের পুনর্নির্মাণকাজ শুরু হওয়ায় ৫০০ গজ দূরে চট্টগ্রাম সিটি করপোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজে বিকল্প শহীদ মিনার নির্মাণ করা হয়। গত বছরের ৫ ফেব্রুয়ারি সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বিকল্প শহীদ মিনার উদ্বোধন করেছিলেন। এরপর এখানে শহীদ দিবস, স্বাধীনতা দিবস ও বিজয় দিবসের শ্রদ্ধা নিবেদন করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ৭ ফেব্রুয়ারি শহীদ মিনারের নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্মাণকাজ দ্রুত শেষ করার তাগিদ দেন।
সাংস্কৃতিক কমপ্লেক্সের প্রকল্প পরিচালক উপসচিব লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, শহীদ মিনারের মূল অবকাঠামোর নির্মাণকাজ শেষ হয়েছে। তবে শেষ মুহূর্তের কিছু কাজ (ফিনিশিংয়ের) বাকি রয়েছে। এরপরও শ্রদ্ধা নিবেদন করা যেত। কিন্তু প্রকল্পের কাজ চলমান থাকায় কোনো ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য শহীদ দিবসের শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি বিকল্প শহীদ মিনারে পালন করা হবে। তবে ২৬ মার্চের আগেই কাজ শেষ হবে। তখন স্বাধীনতা দিবসের শ্রদ্ধা নিবেদন পুনর্নির্মিত শহীদ মিনারে করতে পারবেন সর্বস্তরের মানুষ।
মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্ট চট্টগ্রামের চেয়ারম্যান মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, শহীদ মিনারের আধুনিকায়নের কাজ আরও আগে শেষ করা উচিত ছিল। এখন এ কাজ ২৬ মার্চের আগে যাতে শেষ হয় সে জন্য সরকারের নজর দেওয়া দরকার। কেননা, চট্টগ্রামের মানুষ শহীদ দিবসে না পারলেও স্বাধীনতা দিবসে যেন মূল শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে পারেন।