চট্টগ্রামের ওয়ার্ড কাউন্সিলর জহুরুলের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্ট
ফাইল ছবি

পাহাড় কাটা নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলমের (জসিম) বিরুদ্ধে আদালত অবমাননার রুল দিয়েছেন হাইকোর্ট। চট্টগ্রাম মহানগরের আকবর শাহ থানার উত্তর পাহাড়তলী মৌজার কয়েকটি দাগে পাহাড় না কাটতে হাইকোর্টের দেওয়া আদেশ অমান্য করায় তাঁর বিরুদ্ধে এ রুল দেওয়া হয়েছে।

আদালত অবমাননার অভিযোগে করা এক আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জালিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ওই আবেদন করে। আদালতে বেলার পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আশরাফ আলী, সঙ্গে ছিলেন আইনজীবী এস হাসানুল বান্না।

পরে আইনজীবী এস হাসানুল বান্না প্রথম আলোকে বলেন, আদালত অবমাননার অভিযোগে কেন কাউন্সিলরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।

বেলা জানায়, চট্টগ্রামের আকবর শাহ থানার উত্তর পাহাড়তলী মৌজার ১৭৮, ১৭৯ ও ১৮০ নম্বর বিএস দাগে অবস্থিত ১০ দশমিক ৫১ একর জায়গাজুড়ে থাকা পাহাড় কাটা বন্ধের নির্দেশনা চেয়ে ২০১৫ সালে রিট করে বেলা। শুনানি নিয়ে ২০১৫ সালের ৩ আগস্ট হাইকোর্ট ওই পাহাড় কাটার ওপর নিষেধাজ্ঞা দেন। পাহাড় কাটার ওপর আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও স্থানীয় কাউন্সিলর পাহাড় কাটা অব্যাহত রাখেন। পাহাড়া কাটা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পাহাড় কাটা অব্যাহত রাখলে ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয় একাধিক মামলা করে। পরিবেশ অধিদপ্তরের মামলা ও হাইকোর্টের আদেশ থাকা সত্ত্বেও পাহাড় কাটা অব্যাহত রাখলে গত ৩১ মে আদালত অবমাননার অভিযোগে বেলা ওই আবেদন করে।