কক্সবাজার বিমানবন্দরে ৪৫ মিনিট লিফটে আটকা ছিলেন চার যাত্রী

কক্সবাজার বিমানবন্দর
ছবি: সংগৃহীত

কক্সবাজার বিমানবন্দরের লিফটের ভেতরে আজ শনিবার সকাল সোয়া নয়টার দিকে আটকা পড়েছিলেন ঢাকাগামী উড়োজাহাজের চার যাত্রী। ৪৫ মিনিট পর সকাল ১০টার দিকে লিফটের দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

আটকে পড়া চার যাত্রী হলেন—বিপ্লব কুমার মহাজন, টুম্পা রানী বিশ্বাস, আন্তরিক মহাজন ও ঈমানা মহাজন। তাঁরা সবাই ইউএস-বাংলা উড়োজাহাজের যাত্রী ছিলেন।

এ খবরের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শাহাদাত হোসাইন প্রথম আলোকে বলেন, লিফটের দরজা ভেঙে চার যাত্রীকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। ইউএস–বাংলার ফ্লাইটেই সবাই ঢাকা ফিরে গেছেন। যান্ত্রিক ত্রুটির কারণে লিফটটি আটকে ছিল।

দ্বিতলবিশিষ্ট কক্সবাজার বিমানবন্দরে ব্যাংকের পাশে নিচতলা থেকে দ্বিতীয় তলায় ওঠার জন্য একটি লিফট আছে। আজ সকাল সোয়া নয়টার দিকে লিফটে নিচে নামার সময় চার যাত্রী হঠাৎ আটকা পড়েন। এ সময় লিফটে আটকে পড়া যাত্রীরা হইচই ও কান্না শুরু করলে অন্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে লিফটে চার যাত্রী আটকে পড়েছিলেন। বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা ফায়ার সার্ভিসকে জানালে লিফটের দরজা ভেঙে তাঁদের উদ্ধার করা হয়। লিফট আটকে পড়ার কারণ অনুসন্ধান করা হচ্ছে।