কাজ শেষে বাড়ি ফেরা হলো না রনির
নাটোরের সিংড়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেল ও ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে নাটোর-বগুড়া মহাসড়কের নিংগইন হাইটেক পার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম রনি আহমেদ (২৫)। তিনি সিংড়া পৌর শহরের নিংগইন এলাকার হেলাল উদ্দিনের ছেলে এবং সিংড়ার এস আর ফিলিং স্টেশনের কর্মচারী। রনি সারা রাত ফিলিং স্টেশনে দায়িত্ব পালন শেষে আজ সকালে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, আজ সকালে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে রাজকুমার নামের এক বৃদ্ধের লাশ নিয়ে তাঁর স্বজনেরা ঈশ্বরদী ফিরছিলেন। অ্যাম্বুলেন্সটি মহাসড়কের নিংগইন হাইটেক পার্ক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে থেকে আসা ইটবোঝাই ট্রাক্টর ও রনির মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রনি নিহত হন। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা ছয় যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, পরিবাবের আবেদনের ভিত্তিতে নিহত ব্যক্তির লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ব্যক্তিদের নাটোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।