কাটা হচ্ছে পারকি সৈকতে আটকে পড়া জাহাজটি
অবশেষে কাটা শুরু হলো চট্টগ্রামের আনোয়ারার পারকি সমুদ্রসৈকতে আটকে পড়া জাহাজ ‘ক্রিস্টাল গোল্ড’। গতকাল শনিবার থেকে এটি কাটা শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান ফোর স্টার এন্টারপ্রাইজ।
২০১৭ সালের ৩০ মে ঘূর্ণিঝড় মোরার আঘাতে ক্রিস্টাল গোল্ড নামের জাহাজটি বহির্নোঙর থেকে পারকি সৈকতে উঠে আটকা পড়ে। সেদিন প্রবল বাতাসের তোড়ে জাহাজটি চরে আটকে যায়।
দীর্ঘদিন সৈকতে থাকার কারণে পারকি সৈকতের আধা কিলোমিটার অংশে পলি জমে যায়। সৈকতের ঝাউগাছ উপড়ে পড়ে। এ কারণে জাহাজটি সরানোর দাবি জানিয়ে আসছিল বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠন। কিন্তু পরিবেশ অধিদপ্তরের কারণে জাহাজটি কাটতে গিয়েও এত দিন কাটা হয়নি।
সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে জানা গেছে, জাহাজটি কিনে কাটতে গেলে ২০১৯ সালের ৬ জানুয়ারি মেসার্স ফোর স্টার এন্টারপ্রাইজকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলে পরিবেশ অধিদপ্তর। পরে জাহাজ কাটা বন্ধ করে দেওয়া হয়। সর্বশেষ পরিবেশ অধিদপ্তরের কাছ থেকে এটি কাটার আদেশ পায় মেসার্স ফোর স্টার এন্টারপ্রাইজ। গত ১৮ নভেম্বর এটি কাটার অনুমতি পায় প্রতিষ্ঠানটি।
এদিকে সৈকতে আটকে পড়া জাহাজটি দেখতে প্রতিদিন অনেক পর্যটক আসেন। আবার এমনি আসা পর্যটকেরা গিয়ে জাহাজের পাশে ছবি তোলেন। এই জাহাজে হয়েছে চলচ্চিত্রের শুটিংও।
মেসার্স ফোর স্টার এন্টারপ্রাইজের অন্যতম অংশীদার মো. আমজাদ হোসেন বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের অনুমতি পেয়ে গতকাল শনিবার থেকে জাহাজটি কাটার কাজ শুরু করেছি। আগামী তিন মাসের মধ্যে কাজ শেষ হবে।’