কিশোরীটি মামলায় বলেছে, বাবা তাঁর বন্ধুসহ তাকে ধর্ষণ করেছেন
ধর্ষণের অভিযোগে নিজের বাবা ও বাবার বন্ধুকে আসামি করে মামলা করেছে ১৩ বছর বয়সী এক কিশোরী। মামলার দুই আসামিকে আজ বুধবার দুপুরে হবিগঞ্জের চুনারুঘাট থানায় সোপর্দ করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য কিশোরীকে আজ হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মামলার অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, হবিগঞ্জের চুনারুঘাটের এক প্রবাসী দুই বছর আগে দেশে ফেরেন। বাড়িতে আসার পর মনোমালিন্যের কারণে স্ত্রী ও তিনি আলাদা থাকতে শুরু করেন। তাঁর স্ত্রী বাবার বাড়িতে চলে যান। আর মেয়ে তাঁর সঙ্গে থেকে যায়।
মামলায় মেয়েটি অভিযোগ করেছে, বেশ কিছুদিন ধরে তার বাবা তাকে ধর্ষণ করে আসছিলেন। গত সোমবার রাতে বাবা ও বাবার বন্ধু তাকে ধর্ষণ করেন। পরের দিন সে বিষয়টি চাচা–চাচিকে জানায়।
মেয়েটির চাচার ভাষ্য, ঘটনা শুনে তাঁরা লজ্জায় কাউকে কিছু বলতে চাননি। পরে গতকাল মঙ্গলবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করেন তাঁরা। কিন্তু সেখান থেকে কোনো সহযোগিতা না পেয়ে র্যাব–৯–এর শায়েস্তাগঞ্জ সিপিসি-১ ক্যাম্পে যোগাযোগ করেন। র্যাব গতকাল রাতে দুজনকে আটক করে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় কিশোরী বাদী হয়ে আজ দুজনের নামে ধর্ষণের মামলা করে। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।