খুলনায় ধর্ষণের অভিযোগে এসআই সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

খুলনা জেলার মানচিত্র

খুলনায় একটি আবাসিক হোটেলে মেয়ের সামনে মাকে ধর্ষণের অভিযোগের ঘটনায় খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে এ ঘটনার তদন্তে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) পক্ষ থেকে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. শাহজাহান শেখ প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত হওয়ায় জাহাঙ্গীর আলমকে গতকাল বুধবার রাতে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিভাগীয় ব্যবস্থার বিষয়টি প্রক্রিয়াধীন। অভিযুক্ত ওই এসআই বর্তমানে কারাগারে।

শাহজাহান শেখ জানান, গতকাল রাতেই কেএমপির খালিশপুর অঞ্চলের সহকারী কমিশনার (এসি) হুমায়ুন কবিরকে এ ঘটনার তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ভুক্তভোগী ওই নারীর প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা শেষে পরিবারের হেফাজতে তাঁকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে

মামলার এজাহার সূত্রে জানা যায়, মেয়ে ও ভাগনেকে নিয়ে মঙ্গলবার খুলনায় চিকিৎসক দেখাতে আসেন ওই গৃহবধূ (২৮)। কিন্তু ওই দিন আর সিরিয়াল পাননি তিনি। রাতে হোটেলে থেকে পরদিন চিকিৎসক দেখিয়ে বাড়িতে ফেরার কথা ভেবেছিলেন। তাই মেয়ে (১১) ও ভাগনেকে (২৬) নিয়ে খুলনা নগরের লোয়ার যশোর রোডের সুন্দরবন আবাসিক হোটেলে ওঠেন তাঁরা। গভীর রাতে হোটেলকক্ষ চেকের নামে সেখানে ঢুকে মেয়ের সামনে মাকে ধর্ষণ করেন এসআই মো. জাহাঙ্গীর আলম।

পরে গৃহবধূর ভাগনে বিষয়টি হোটেলমালিককে জানালে তাঁরা পুলিশকে খবর দেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার পর আসামি জাহাঙ্গীর আলমকে হেফাজতে নেয় পুলিশ। বুধবার বিকেলে খুলনা সদর থানায় ওই মামলা হয়।

আরও পড়ুন