খুলনা বিভাগে মৃত্যু ও শনাক্তের হার বেড়েছে
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ১২ জন মারা গেছেন। এ সময় ৩৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৪৯৩ জন। আজ শুক্রবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।
এর আগে গতকাল বিভাগে করোনায় ১১ জনের মৃত্যু হয়েছিল। ৪২২ জনের করোনা শনাক্ত হয়েছিল। আগের দিনের চেয়ে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা কম হয়েছে। পাশাপাশি শনাক্ত কম হয়েছে। শনাক্তের হার ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।
গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে মোট ২ হাজার ১৪৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্তের হার ১৮ দশমিক ৪৪। আগের ২৪ ঘণ্টার চেয়ে ২২৪টি নমুনা কম পরীক্ষা হয়েছে। আগের দিন শনাক্তের হার ছিল ১৭ দশমিক ৭৯।
৪ লাখ ৫৪ হাজার ৪৪৬ জনের নমুনা পরীক্ষার বিপরীতে বিভাগে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৬ হাজার ২২ জনের। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ২৩ দশমিক ৩৩। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯১ হাজার ৩৭ জন। শনাক্তের সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৮৭। শনাক্তের সর্বোচ্চ হার বাগেরহাটে ২৩ দশমিক ৯১, দ্বিতীয় সর্বোচ্চ খুলনায় ২৩ দশমিক ৬৯ শতাংশ। শনাক্তের সর্বনিম্ন হার মাগুরায় ৫ দশমিক ৩৮।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চিকিৎসাধীন রোগীর সংখ্যাও প্রতিদিনই কমছে। আজ বাসা ও হাসপাতাল মিলিয়ে বিভাগের ১০ জেলায় করোনা রোগী ১২ হাজার ৯৫ জন। তাঁদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬৯৬ জন। অন্যরা বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ৮৯০। মৃত্যুর হার ২ দশমিক ৭৩। করোনায় মারা যাওয়া সর্বশেষ ১২ জনের মধ্যে কুষ্টিয়ায় ৪ জন, ঝিনাইদহে ৩ জন, যশোরে ২ জন, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও খুলনায় ১ জন করে রয়েছেন।
বিভাগের মধ্যে খুলনায় করোনায় সর্বোচ্চ ৭৩৩ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়ায় ৬৯৩ জনের। এ ছাড়া যশোরে ৪৩৮, ঝিনাইদহে ২৫১, চুয়াডাঙ্গায় ১৮৩, মেহেরপুরে ১৭৫, বাগেরহাটে ১৩৮, নড়াইলে ১০৮, সাতক্ষীরায় ৮৭ ও মাগুরায় ৮৪ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, নতুন করে করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ খুলনায় ১২৭ জন। এ ছাড়া যশোরে ৭০, কুষ্টিয়ায় ৬২, ঝিনাইদহে ১৫, সাতক্ষীরায় ২৪, নড়াইলে ২২, চুয়াডাঙ্গায় ২০, মাগুরায় ৭, মেহেরপুরে ১৬ ও বাগেরহাটে ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
শনাক্তের সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ২৬ হাজার ৫১৩ জনের করোনা হয়েছে। এরপর যশোরে ২০ হাজার ৭৩৮ জনের এবং কুষ্টিয়ায় ১৭ হাজার ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।