গণভোটের বাক্স মাথায় ‘হানিফ বাংলাদেশি’ এখন মাদারীপুরে

ভোটাধিকার নিশ্চিতের দাবিতে গণভোটের বাক্স মাথায় নিয়ে মাদারীপুরে এসেছেন মোহাম্মদ হানিফ। রোববার দুপুর ১২টায় জেলা প্রশাসনের কার্যালয়ে
ছবি: প্রথম আলো

শক্তিশালী নির্বাচন কমিশন ও ভোটাধিকার নিশ্চিতের দাবিতে গণভোটের বাক্স মাথায় নিয়ে মাদারীপুরে পৌঁছেছেন মোহাম্মদ হানিফ (৩৫)। এই দাবি নিয়ে সারা দেশে পদযাত্রার উদ্দেশে তিনি গত ২৪ অক্টোবর কক্সবাজারের টেকনাফ থেকে তাঁর কর্মসূচি শুরু করেন। বিভিন্ন ইস্যুতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদী অবস্থান নিয়ে এই ব্যক্তি এরই মধ্যে ‘হানিফ বাংলাদেশি’ নামে পরিচিতি লাভ করেছেন।

হানিফ তাঁর কর্মসূচির ৪২তম দিনে ৩৪তম জেলা মাদারীপুর পৌঁছান আজ রোববার সকালে। তিনি গলায় প্রতিবাদী ফেস্টুন ঝুলিয়ে এবং মাথায় প্রতীকী ভোটের বাক্স নিয়ে মাদারীপুরে বিভিন্ন এলাকায় ঘুরে দাবির সপক্ষে জনমত গঠনের চেষ্টা করছেন। পরে দুপুর ১২টার দিকে তিনি মাদারীপুর জেলা প্রশাসক রহিমা খাতুনের কাছে স্মারকলিপি দেন। প্রতি জেলায় গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়ে তাঁর এই দাবি জানাচ্ছেন তিনি। এরপর বাগেরহাট জেলায় গিয়ে স্মারকলিপি দেবেন। মাদারীপুরের আগে তিনি শরীয়তপুর জেলায় গিয়েছিলেন।

নোয়াখালীর বাসিন্দা হানিফ। ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চাকরি করেন তিনি। প্রতিষ্ঠান থেকে ছুটি নিয়ে ফাঁকে ফাঁকে এই প্রচারণা চালাচ্ছেন তিনি। মাদারীপুরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার পর হানিফ প্রথম আলোকে বলেন, ‘মাদারীপুরে মানুষ আমার এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। তাঁরা জানিয়েছেন, নানা কারণে ও ভয়ে প্রকাশ্যে তাঁরা প্রতিবাদ করতে পারেন না।’

দেশে মানবিক মূল্যবোধ সৃষ্টি করতে রাজনীতিবিদেরা ব্যর্থ বলে মনে করেন হানিফ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রের ওপর জনগণের মালিকানা প্রতিষ্ঠার প্রথম শর্ত হলো ভোটাধিকার। স্বাধীনতার ৫০ বছরে যে দল যখন রাষ্ট্রক্ষমতায় এসেছে, সে দলই কমবেশি ভোটাধিকার খর্ব করে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে। রাজনীতিতে যে আস্থার সংকট তার জন্য রাজনীতিবিদেরাই দায়ী। এখন জনগণের ভোটাধিকার ও নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ সৃষ্টি করতে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।