গাজীপুরের মৌচাক ইউপি নির্বাচনে ভোট গ্রহণ শুরু
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৪ নম্বর মৌচাক ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার সকাল আটটায় ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ শুরু হয়। এ ইউনিয়নে ২৬টি ভোটকেন্দ্রে ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ করা গেছে। এ ইউনিয়নে আওয়ামী লীগ-সমর্থিত নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা লোকমান হোসেন। বিএনপি নির্বাচনী মাঠে না থাকলেও স্থানীয় সমর্থকদের প্রার্থী হিসেবে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আনারস প্রতীকে হারুন অর রশীদ। তিনি কালিয়াকৈর উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক।
মৌচাক ইউনিয়নে মোট ভোটকেন্দ্র ২৬টি। এর প্রতিটিতে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হচ্ছে। মেশিনে যদি কারিগরি সমস্যা দেখা দেয়, সে ক্ষেত্রে সার্বক্ষণিক টেকশিয়ানদের প্রস্তুত রাখা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, কালিয়াকৈর উপজেলার সিনাবহ উচ্চবিদ্যালয়ের মাঠে পুরুষদের সঙ্গে সমানতালে পছন্দের প্রার্থীকে ভোট দিতে লাইনে দাঁড়িয়েছেন নারী ভোটাররাও। নির্বাচনে ইউপি সদস্য প্রার্থীদের তৎপরতা বেশি। তাঁরা কর্মীদের দিয়ে রিকশা-ভ্যান রিজার্ভ করে ভোটারদের বাড়ি থেকে নিয়ে আসার ব্যবস্থা করছেন। সকাল থেকে প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ভোটার আসমা খাতুন বলেন, ‘যাঁরা নির্বাচিত হবেন, তাঁরা যেন সব সময় আমাদের পাশে থাকেন।’ ভোটার নাজমুল ইসলাম বলেন, ‘বাড়ির সদস্যদের নিয়ে সকালেই ভোট দিতে এসেছি। শুনেছি, অনেক সময় জাল ভোট হয়ে যায়, তাই আগেই ভোট দিয়ে নিলাম।’
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম ইবনে সাজ্জাদ বলেন, উপজেলা নির্বাচন অফিস ও কালিয়াকৈর থানা কড়া নিরাপত্তাব্যবস্থা নিয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য ছাড়াও বিজিবি ও র্যাব সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের আটটি দল কাজ করছে।
রিটার্নিং কর্মকর্তা এ এম শামসুজ্জামান বলেন, সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইভিএম নিয়ে ভোটারদের মধ্যে কোনো শঙ্কা নেই।