চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক নেতা নুরুল আজিমের সাজা মওকুফ

নুরুল আজিম
ফাইল ছবি

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম ওরফে রনিকে ভ্রাম্যমাণ আদালতের দেওয়া দুই বছরের সাজা মওকুফ করেছেন আদালত।

ভোটকেন্দ্রে অবৈধ প্রবেশ ও প্রভাব বিস্তারের অভিযোগে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আইনে ২০১৬ সালে তাঁর বিরুদ্ধে মামলা করেছিল পুলিশ। রোববার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ ফারহানা আক্তার সাজা মওকুফের রায় দেন।

২০১৬ সালের ৭ মে ইউপি নির্বাচন চলাকালে চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের একটি কেন্দ্রের পাশ থেকে অস্ত্র, গুলি ও ব্যালট পেপারে ব্যবহৃত একটি সিলসহ নুরুল আজিমকে আটক করে বিজিবি। পরে ভ্রাম্যমাণ আদালত ভোটকেন্দ্রে অবৈধ প্রবেশ ও প্রভাব বিস্তারের অভিযোগে ইউপি নির্বাচন আইনে তাঁকে দুই বছরের কারাদণ্ড দেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে হাটহাজারী থানায় অস্ত্র আইনে পুলিশ বাদী হয়ে মামলা করে।

নুরুল আজিমের মুক্তির দাবিতে পরদিন ৮ মে থেকে টানা প্রায় এক সপ্তাহ চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। প্রায় এক মাস পরে ওই বছরের ১৩ জুন উচ্চ আদালত থেকে অস্ত্র মামলায় জামিন পান নুরুল আজিম। বর্তমানে সেই মামলাটির সাক্ষ্য চলছে।

সরকারি কৌঁসুলি (পিপি) নাছির উদ্দিন প্রথম আলোকে বলেছেন, ভ্রাম্যমাণ আদালতের দেওয়া সাজার বিরুদ্ধে আপিল করেন নুরুল আজিম। আপিলে ভ্রাম্যমাণ আদালতের দেওয়া সাজা খারিজ করেন আদালত।