চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সাবেক জেলারের বিরুদ্ধে দুদকের মামলা

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সাবেক জেলার সোহেল রানা
ছবি: প্রথম আলো

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সাবেক জেলার সোহেলে রানার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ২ কোটি ৩৩ লাখ ৩৩ হাজার ২৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে।

আজ সোমবার দুদক চট্টগ্রামের উপপরিচালক আবু সাঈদ বাদী হয়ে নিজ কার্যালয়ে মামলাটি করেন। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়-১–এর উপপরিচালক লুৎফুল কবির।

দুদক জানায়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪–এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ২০১২–এর ৪(২) ও ৪(৩) ধারায় ওই মামলা করা হয়েছে। মামলা তদন্তকালে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁর বিষয়টিও আমলে নেওয়া হবে।

২০১৮ সালে ভৈরব রেলওয়ে থানা-পুলিশ নগদ ৪৪ লাখ ৪৫ হাজার টাকা, ১২ বোতল ফেনসিডিল এবং স্ত্রী, শ্যালক ও নিজের নামে করা আড়াই কোটি টাকার এফডিআরের কাগজপত্র ও ১ কোটি ৩০ লাখ টাকার চেকসহ সোহেল রানাকে গ্রেপ্তার করে। ওই সময় বিজয় এক্সপ্রেসে চড়ে চট্টগ্রাম থেকে ময়মনসিংহে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন তিনি।