চট্টগ্রাম বিএনপির আহ্বায়ক শাহাদাতসহ ৭৫ নেতা–কর্মীর বিরুদ্ধে মামলা
চট্টগ্রামে বিএনপির মানববন্ধন কর্মসূচিতে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেনসহ ৭৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে নগরের কোতোয়ালি থানায় মামলাটি করা হয়।
মামলার বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন। তিনি আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে বলেন, পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ, সরকারি কাজে বাধা দান, যান চলাচলে বাধা দেওয়ার অভিযোগে নগর বিএনপির শীর্ষ নেতাসহ ৭৫ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও কয়েক শ জনকে।
ওসি নেজাম উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ ৪৯ জনকে আটক করেছে। তাঁদেরও এ মামলায় আসামি করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের দুপুরে আদালতে পাঠানো হবে।
পুলিশ সূত্র বলছে, মামলায় নগর বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের আসামি করা হয়েছে।
এর আগে গতকাল বেলা তিনটা থেকে প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় তাঁরা প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নেন। প্রায় ছ শ নেতা-কর্মী মানববন্ধন কর্মসূচিতে অংশ নিলে সড়কে যান চলাচল ব্যাহত হয়। একপর্যায়ে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়া বিএনপির নেতা-কর্মীদের সরে যেতে বলে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা বলেন, এতে ক্ষিপ্ত হয়ে নেতা-কর্মীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। পুলিশও তাঁদের প্রতিহত করার চেষ্টা করে। এ সময় দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।