চার মাসই বিচ্ছিন্ন থাকে লাখাই ইউনিয়ন
হবিগঞ্জের লাখাই উপজেলার সদর ইউনিয়নের ১৫টি গ্রাম জেলা ও উপজেলা সদর থেকে বর্ষার চার মাস বিচ্ছিন্ন থাকে। এই ইউনিয়নেই উপজেলার গুরুত্বপূর্ণ লাখাই বাজার। বর্ষার সময় নৌকা ছাড়া ওই বাজারে যাওয়া যায় না। ফলে ওই সময় ইউনিয়নের বাসিন্দারা দুর্ভোগ পোহান।
হবিগঞ্জের লাখাই উপজেলায় ছয়টি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে হাওর ও বিলবেষ্টিত সদর ইউনিয়নে ১৫টি গ্রাম। বর্ষায় প্রায় চার মাস সব গ্রামই বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়। প্রতিটি গ্রামেই যেতে দরকার হয় নৌকা। কিন্তু সন্ধ্যা ছয়টার পর নৌচলাচল বন্ধ হয়ে যায়।
এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, সন্ধ্যার পর কাউকে হাসপাতালে নেওয়ার দরকার হলেও সহজে নৌকা পাওয়া যায় না। অনেক সময় পরদিন সকাল সাতটা পর্যন্ত অপেক্ষা করতে হয়। অথচ মাত্র ছয় কিলোমিটার সড়ক উঁচু করে নির্মাণ করলেই এ সমস্যার সমাধান হতো। দীর্ঘদিন ধরে এলাকাবাসী এ দাবি জানিয়ে এলেও তা উপেক্ষিতই রয়ে গেছে।
বারবার নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে রাস্তাটি উঁচু করার দাবি জানানো হয়। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। লাখাই বাজারে যাওয়ার মূল রাস্তাটি ছাড়াও বর্ষা মৌসুমে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার মূল ভরসা নৌকা। অথচ সন্ধ্যা ছয়টার পর নৌকা চলাচল বন্ধ হয়ে যায়।
মহররমপুর গ্রামের মোহাম্মদ জুনায়েদ বলেন, বারবার নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে রাস্তাটি উঁচু করার দাবি জানানো হয়। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। লাখাই বাজারে যাওয়ার মূল রাস্তাটি ছাড়াও বর্ষা মৌসুমে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার মূল ভরসা নৌকা। অথচ সন্ধ্যা ছয়টার পর নৌকা চলাচল বন্ধ হয়ে যায়। সে সময় গ্রামগুলো কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। লাখাই বাজার থেকে হবিগঞ্জ সদরের দূরত্ব ৩০ কিলোমিটার। শুকনো মৌসুমে এ সড়ক দিয়ে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম), মোটরসাইকেলসহ নানা যানবাহন চলাচল করে।
গত মঙ্গলবার দিনভর লাখাই ঘুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেছেন এই প্রতিনিধি। তাঁরা জানান, এ উপজেলায় সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন লাখাই সদর ইউনিয়নের বাসিন্দারা।আমানুল্লাহপুর গ্রামের বাসিন্দা টমটমচালক মোহাম্মদ রাহুল বলেন, লাখাই বাজার থেকে কালাউক পর্যন্ত দূরত্ব ছয় কিলোমিটার। এই ছয় কিলোমিটার অত্যন্ত নিচু। বর্ষা মৌসুমে সড়কটির অধিকাংশই ডুবে যায়। বিশেষত শিকনপুর ব্রিজ থেকে লাখাই বাজার পর্যন্ত চার কিলোমিটার প্রায় চার মাস পুরোপুরি পানির নিচে থাকে। এ সময় সদর ইউনিয়নের বাসিন্দারা যাতায়াতে বিড়ম্বনায় পড়েন।
লাখাই বাজার প্রায় দেড় শ বছরের বেশি পুরোনো। যোগাযোগবিড়ম্বিত হওয়ায় এ বাজার ক্রমে জৌলুশহীন হয়ে পড়ছে। এখানকার মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে দ্রুত নিচু সড়কটি উঁচু করে বছরের ১২ মাসের জন্য যানবাহন চলাচল নিশ্চিত করতে হবে।
স্বজন গ্রামের শরিফ আহমদ বলেন, লাখাই বাজার প্রায় দেড় শ বছরের বেশি পুরোনো। যোগাযোগবিড়ম্বিত হওয়ায় এ বাজার ক্রমে জৌলুশহীন হয়ে পড়ছে। এখানকার মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে দ্রুত নিচু সড়কটি উঁচু করে বছরের ১২ মাসের জন্য যানবাহন চলাচল নিশ্চিত করতে হবে।
শিকনপুর ব্রিজ এলাকা থেকে লাখাই বাজারগামী নৌকার মাঝি রাজিকুল ইসলাম বলেন, এ পথে প্রায় ৫০টি নৌকা প্রতিদিন চলাচল করে। পাঁচ থেকে ছয় হাজার মানুষ এসব নৌকায় যাতায়াত করেন।জানতে চাইলে ইউএনও লুসিকান্ত হাজং বলেন, বর্ষা মৌসুমে চার মাস লাখাই ইউনিয়ন আসলেই বিচ্ছিন্ন দ্বীপের রূপ নেয়। লাখাই বাজারে যাতায়াতের জন্য একটি সাব-মার্সিবল রাস্তা (ডুবো সড়ক) রয়েছে। এ রাস্তা উঁচু করে নির্মাণের জন্য পরিকল্পনা রয়েছে। স্থানীয় সাংসদ মো. আবু জাহির এ নিয়ে কাজ করছেন।
স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন, সিলেট বিভাগের শেষ সীমানায় ১৯৬ দশমিক ৫৬ বর্গকিলোমিটার আয়তন নিয়ে লাখাই উপজেলা গঠিত। এর সদর হিসেবে গণ্য করা হতো লাখাই বাজারকে। এ বাজার কেন্দ্র করে সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম শুরু হয়েছিল। কিন্তু ১৯৮৩ সালে এখান থেকে সাত কিলোমিটার দূরে বামৈ ইউনিয়নের কালাউক এলাকায় থানার ভিত্তিপ্রস্তর স্থাপনের পর লাখাই বাজার থেকে সবকিছু সরে যেতে থাকে। সেখানে একে একে উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তৈরি হয়। তখন লাখাই বাজার জৌলুশ হারাতে থাকে।
পূর্ব রহিতনসি গ্রামের মোহাম্মদ শামীম বলেন, ‘গ্রামের বয়স্কদের মুখে শুনেছি, সরকারি প্রতিষ্ঠানগুলো চলে যাওয়ার পরও কাগজে-কলমে লাখাই ইউনিয়নই সদর ইউনিয়ন হিসেবে গণ্য হচ্ছে। এমনকি লাখাই বাজারকেও সদর বাজার বলা হয়ে থাকে। কিন্তু যেহেতু কোনো প্রতিষ্ঠানই আর এখানে নেই, তাই লাখাই বাজার ও ইউনিয়নবাসী এরপর থেকে উন্নয়ন বৈষম্যের শিকার হচ্ছেন।’
স্থানীয় লোকজন আরও জানান, লাখাই বাজারে সদর ইউনিয়নের লোকজন ছাড়াও পাশের কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের অন্তত ১০ গ্রামের মানুষ কেনাকাটা করতে আসেন। এ বাজারে প্রতিদিন কয়েক হাজার মানুষের আগমন ঘটে।