চুয়াডাঙ্গায় বৈদ্যুতিক যন্ত্রাংশের গুদামে আগুন নিয়ন্ত্রণে এল ৪ ঘণ্টায়

চুয়াডাঙ্গা শহরের মাস্টারপাড়া এলাকায় বৈদ্যুতিক যন্ত্রাংশের গুদামের আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে অংশ নেন স্থানীয় লোকজন
ছবি: প্রথম আলো

চুয়াডাঙ্গা শহরের মাস্টারপাড়া এলাকায় একটি বৈদ্যুতিক যন্ত্রাংশের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে মাস্টারপাড়া এলাকার একটি তিনতলা আবাসিক ভবনের নিচতলায় মামুন ইলেকট্রনিক নামের একটি দোকানের গুদামে এ আগুন লাগে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট ও স্থানীয় লোকজনের সহায়তায় চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ২৪ সদস্য আগুন নেভানোর কাজ শুরু করেন। সকাল সাড়ে পাঁচটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

আবাসিক ভবনটির মালিক সাইদুর রহমানের ছেলে নাগিব মাহফুজ বলেন, ধারণা করা হচ্ছে, লোহার তাক ওয়েল্ডিং করা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তিনি বলেন, ভবনের নৈশপ্রহরী দীর্ঘক্ষণ ধরে কলবেল টিপেছিলেন এবং জানালায় টর্চলাইট দিয়ে সংকেতও দিয়েছিলেন। তবে সেটি তাঁরা প্রথমে বুঝতে পারেননি।

অগ্নিকাণ্ডের ঘটনায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান আজ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ওই ভবনের মালিক ও গুদামে রাখা পণ্যের মালিকের সঙ্গে কথা বলেন।