ট্রেন থেকে পড়ে হাত বিচ্ছিন্ন ব্যবসায়ীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে ছিটকে পড়ে এক ব্যবসায়ীর শরীর থেকে একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পেয়েছেন তিনি। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তি এখন চিকিৎসাধীন আছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

গতকাল সোমবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। ওই ব্যবসায়ীর নাম তোয়াকুল মিয়া (৫৮)। তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকার বাসিন্দা এবং ওই এলাকাতেই মুদি ও স্টেশনারি পণ্যের ব্যবসা করেন। তিনি শমশেরনগর বণিক কল্যাণ সমিতি সাবেক সদস্য।

শমশেরনগর বণিক কল্যাণ সমিতি সূত্রে জানা যায়, তোয়াকুল মিয়া ব্যবসায়িক কাজে সোমবার দুপুরে ঢাকা থেকে আন্তনগর পারাবত ট্রেনে সিলেট যাচ্ছিলেন। ট্রেনটির কুলাউড়া জংশন রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতির সময় তোয়াকুল মিয়া ট্রেন থেকে নেমে পানের দোকানে গিয়ে পান কেনেন। এমন সময় পারাবত ট্রেন ছেড়ে দিলে তিনি দৌড়ে আবার ট্রেনের বগিতে উঠতে গিয়ে ছিটকে ট্রেনের নিচে পড়ে যান। এ সময় ট্রেনের চাকায় পড়ে তাঁর বাঁ হাত কনুইয়ের ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া বাঁ পায়ের ঊরুতে বড় ধরনের ক্ষতের সৃষ্টি হয়। তিনি মাথায়ও আঘাত পান। ট্রেনটি স্টেশন ত্যাগের পর স্টেশনমাস্টারসহ আশপাশের লোকজন ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাঁ হাতের কনুইয়ের ওপর থেকে দুর্ঘটনায় কাটা পড়েছে। এখন অস্ত্রোপচারে বাঁ পা ঊরুর ওপর থেকে কাটা হতে পারে। এ ছাড়া মাথায়ও রয়েছে বড় ধরনের আঘাত। ফলে বাবা এখনো আশঙ্কামুক্ত নন।
শাহ আলম, আহত ব্যবসায়ী তোয়াকুল মিয়ার ছেলে

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা জাকির হোসেন বলেন, দুর্ঘটনায় তোয়াকুলের বাঁ হাত ও পা শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত সিলেটে পাঠিয়ে দেওয়া হয়।

কুলাউড়া স্টেশনমাস্টার মুহিব উদ্দিন আহমদ বলেন, চলন্ত ট্রেনে উঠতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে। চলন্ত ট্রেনে এভাবে না উঠতে জনসচেতনতা সৃষ্টি করতে রেলওয়ের পক্ষ থেকে মাঝেমধ্যে উদ্যোগ নেওয়া হয়। এরপরও কিছু যাত্রী এ কাজটি করে থাকেন। এ ব্যাপারে তাঁদের সচেতন হওয়া দরকার।

কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ ম কামাল হোসেন বলেন, তাঁরাও যাত্রীদের এ ব্যাপারে সচেতন করে থাকেন। কিন্তু কেউ কেউ ঝুঁকি নিয়ে ট্রেন ভ্রমণ করতে গিয়ে এভাবে দুর্ঘটনায় পড়েন।

আহত ব্যবসায়ী তোয়াকুল মিয়ার ছেলে শাহ আলম আজ বিকেল চারটার দিকে প্রথম আলোকে জানান, এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর বাবার অস্ত্রোপচার হচ্ছে। বাঁ হাতের কনুইয়ের ওপর থেকে দুর্ঘটনায় কাটা পড়েছে। এখন অস্ত্রোপচারে বাঁ পা ঊরুর ওপর থেকে কাটা হতে পারে। এ ছাড়া মাথায়ও রয়েছে বড় ধরনের আঘাত। ফলে তাঁর বাবা এখনো আশঙ্কামুক্ত নন।