নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় চারজনের নামে মামলা
নরসিংদী সদরের হাজীপুরের একটি বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের সামনে অপু দাস (৩৪) নামের যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। আজ শুক্রবার বেলা দুইটার দিকে নিহতের ছোট ভাই শিবু দাস চারজনকে আসামি করে নরসিংদী মডেল থানায় মামলাটি করেন। নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী এর সত্যতা নিশ্চিত করেছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে হাজীপুর ইউনিয়নের দাসপাড়া এলাকায় দিনদুপুরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত অপু দাস ওই এলাকার মৃত অনিল দাসের ছেলে। হাজীপুর ব্রিজ–সংলগ্ন একটি ভিডিও এডিটিংয়ের দোকান ছিল তাঁর। তিনি স্ত্রী ও চার বছরের এক কন্যাসন্তানের জনক ছিলেন।
মামলায় আসামি করা হয়েছে নরসিংদী শহরের দত্তপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে নুরুল ইসলাম (২৫), মৃত মো. নবীর ছেলে মো. ইসু (২৫), মানিক মিয়ার ছেলে মো. সাদ্দাম (৩০) ও ফজলুল হকের ছেলে মো. সাজন (২৬)। তাঁদের মধ্যে নুরুল ইসলামকে ঘটনার পরপরই আটক করে পুলিশ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, অপুদের বাড়ির অদূরে মানিক দাসের সাউন্ডবক্সের দোকানের সামনে ওই চার আসামির কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে স্থানীয় কাঠমিস্ত্রিদের দোকান থেকে বাটাল ও অন্যান্য ধারালো অস্ত্র নিয়ে তাঁরা মানিককে ধাওয়া দেন। ধাওয়া খেয়ে অপু দাসের বাড়িতে ঢুকে পড়েন মানিক এবং তাঁদের বাড়ির ছাদে আশ্রয় নেন। ওই সময় তাঁরাও ছাদে উঠতে চাইলে তাঁদের বাধা দেন অপুর ছোট ভাই শিবু দাস। এ সময় তাঁর বাঁ পায়ে বাটাল দিয়ে কুপিয়ে আহত করা হয়। এমন ঘটনায় হতভম্ব হয়ে অপু দাসের স্ত্রী মুঠোফোনে কল করে অপুকে বাড়িতে আসতে বলেন। কিছুক্ষণের মধ্যেই বাড়িতে ফিরে অপু দাস ‘কী হয়েছে জানতে চাইলে’ দুর্বৃত্তদের সঙ্গে তাঁর কথা–কাটাকাটি হয়। এরপরই নুরুল ইসলাম তাঁর হাতে থাকা ওই বাটাল দিয়ে অপুর বুকের বাঁ পাশে রক্তাক্ত জখম করেন। ওই সময় ২ নম্বর আসামি তাঁর হাতে থাকা চাকু দিয়ে অপুর ডান হাতের কবজিতে আঘাত করেন। অন্য দুই আসামি তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে স্থানীয় একটি বেকারির মালিক আল আমিন (৪৫) এবং দিবাকর দাস (৪০) নামের দুজনকে কুপিয়ে আহত করা হয়। পরে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আজ দুপুরে নিহতের বাড়িতে গিয়ে দেখা যায়, অপু দাসের কন্যা চার বছরের আনিকা অন্য শিশুদের সঙ্গে খেলছে। অপুর মা সবিতা রানী দাস ও স্ত্রী বিথী দাস আহাজারি করেছেন। সবিতা রানী দাস বলেন, ‘তারা আমাদের সামনেই শিবুকে আঘাত করতে শুরু করে। এরই মধ্যে মানিক আমাদের ছাদ থেকে অন্য ছাদে লাফ দিয়ে পালিয়ে যায়। আমি এত করে তাদের বললাম, “আমার সাথে আসো, আমি তোমাদেরকে মানিকের বাড়িতে নিয়ে যাই।” কিন্তু তারা সবাই নেশাগ্রস্ত ছিল, আমার কথা শুনল না। আমার অপুকে মেরেই ফেলল। এখন আমার ছেলের বউ আর তাদের ছোট মেয়েটির কী হবে? আমি আমার ছেলে হত্যার বিচার চাই।’
সাউন্ডবক্সের দোকানের সাইনবোর্ড থেকে নম্বর সংগ্রহ করে মানিক দাসের সঙ্গে মুঠোফোনে কথা হয় এই প্রতিবেদকের। তিনি জানান, ওই চার আসামির সঙ্গে তাঁর কোনো লেনদেনের সম্পর্ক ছিল না। দোকান তালাবদ্ধ ছিল। ঘুম থেকে উঠে নাশতা করার জন্য তিনি ডিম কিনতে দোকান–সংলগ্ন মুদিদোকানে গিয়েছিলেন। ওই সময় দেখেন, একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামিয়ে দোকানের শাটারে ঠেসে ধরে একজনকে মারধর করা হচ্ছে। তিনি এগিয়ে গিয়ে ঘটনা জানতে চান। এতে তাঁরা ক্ষিপ্ত হয়ে পার্শ্ববর্তী একটি কাঠমিস্ত্রির দোকান থেকে বাটাল নিয়ে তাঁকে ধাওয়া দেন। ধাওয়া খেয়ে তিনি অপুদের বাসার ছাদে আশ্রয় নেন। পরে অন্য ছাদে লাফ দিয়ে কোনোরকমে পালিয়ে আসেন। পরে জানতে পারেন, তাঁরা অপু দাসকে মেরে ফেলেছেন। ঘটনার সময় তাঁরা সবাই নেশাগ্রস্ত ছিলেন। আসামিদের কাউকে তিনি চেনেন না।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী জানান, মামলা হওয়ার পর নুরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। অন্য তিন আসামি পলাতক, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।