পাবনায় আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পাবনার সুজানগরে আট বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা গতকাল রোববার রাতে সুজানগর থানায় মামলা করেছেন। তবে আজ সোমবার বিকেল পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
অভিযুক্ত ওই ব্যক্তি হলেন আবদুল কাদের (৫৫)। তাঁর বাড়ি উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের একটি গ্রামে।
স্থানীয় লোকজন ও মামলার এজাহার থেকে জানা গেছে, গতকাল দুপুরে শিশুটি তার বাবার কর্মস্থলে খাবার দিতে যায়। ফেরার পথে অভিযুক্ত আবদুল কাদের শিশুটিকে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে নিয়ে কথা বলতে থাকেন। একপর্যায়ে তিনি শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে প্রতিষ্ঠানের ভেতরে নিয়ে ধর্ষণচেষ্টা করেন। পরে শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে আবদুল কাদের পালিয়ে যান। এরপর ঘটনাটি সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে জানানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে বিকেলেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। রাতে শিশুটির বাবা মামলা করেছেন। আজ শিশুটির জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি পলাতক। তাঁকে ধরতে অভিযান চালানো হচ্ছে।
জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রবশেন কর্মকর্তা পল্লব ইবনে শায়েখ বলেন, দুপুরে শিশুটি জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৩–এ জবানবন্দি দিয়েছে। তাঁরা শিশুটির খোঁজখবর রাখছেন। তার সুরক্ষা ও আইনি সহায়তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অভিযুক্ত আবদুল কাদের সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান এস এম সামসুল আলমের ভগ্নিপতি। যোগাযোগ করা হলে তিনি বলেম, ‘অভিযুক্ত ব্যক্তি আমার নিকটাত্মীয় এটা ঠিক। তবে তাঁর সঙ্গে আমার এবং আমার পরিবারের কোনো যোগাযোগ নেই। তিনি অপরাধ করে থাকলে অবশ্যই আমিও তাঁর শাস্তি দাবি করি।’