প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী জেলার মানচিত্র

রাজবাড়ীর কালুখালীতে যুবককে ‘ইয়াবায় ফাঁসানোর অভিযোগ, এসআইকে মারধর’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। গতকাল রোববার লিখিতভাবে এ প্রতিবাদ জানান তিনি।

প্রতিবাদে বলা হয়, ২৭ জুন প্রথম আলোর তৃতীয় পৃষ্ঠায় ‘ইয়াবায় ফাঁসানোর অভিযোগ, এসআইকে মারধর’ শিরোনামে প্রকাশিত সংবাদে বলা হয়, রাজবাড়ীর কালুখালী থানার এসআই আশিকুজ্জামান শনিবার দুপুর সোয়া ১২টায় এক কনস্টেবলকে সঙ্গে নিয়ে সবুজ নামের এক যুবককে আটক করেন ও তাঁর প্যান্টের পকেটে ইয়াবা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় সবুজের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে এসআই আশিকুজ্জামানের কাছে গ্রেপ্তারি পরোয়ানা দেখতে চান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন এসআই ও কনস্টেবলকে মারধর করেন।

প্রতিবাদে বলা হয়, প্রকৃত ঘটনা হলো, এসআই আশিকুজ্জামান ও কনস্টেবল রাকিবুল গোপন সংবাদের ভিত্তিতে কালুখালী থানার একটি জিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি বেতবাড়িয়ার বাবুল মোল্লাকে গ্রেপ্তার করতে শনিবার সোনাপুর বাজারে যান। দুপুর সাড়ে ১২টার দিকে সোনাপুর বাজারের চার রাস্তামোড় ব্রিজসংলগ্ন অটোস্ট্যান্ড থেকে সন্দেহের বশে বাবুল মোল্লার চাচা সবুজ মোল্লাকে গ্রেপ্তার করেন তাঁরা। সবুজের দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে একটি চাকু পেয়ে এসআই আশিকুজ্জামান সঙ্গে থাকা কনস্টেবলের কাছে দেন।

সবুজের পরিচয় যাচাই করার সময় পরোয়ানাভুক্ত আসামি বাবুলের ভাই রিপন চিৎকার দিয়ে শিমুল, বাতেন, লিটন, টুটুল ও অজ্ঞাতনামা ৫–৬ জনকে জড়ো করেন। এরপর তাঁরা আশিকুজ্জামান ও রাকিবুলকে মারধর করেন। একপর্যায়ে রাকিবুলের হাতে থাকা চাকু ছিনিয়ে নিয়ে আশিকুজ্জামানের পেটে তা দিয়ে আঘাত করেন সবুজ। এরপর আসামিরা গ্রেপ্তার সবুজকে ছিনিয়ে নেন। আশিকুজ্জামান ও রাকিবুল স্থানীয় একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসার জন্য গেলে আবারও তাঁদের মারধর করা হয়। ভাঙচুর করা হয় ফার্মেসি। জরুরি দায়িত্ব পালনরত এসআই জাহাঙ্গীর আলম ফোর্স নিয়ে সোনাপুর বাজারে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় বালিয়াকান্দি থানায় মামলা হয়েছে।

প্রতিবেদকের বক্তব্য
প্রতিবাদলিপি পড়ে বোঝা যায়, মূলত এসআই আশিকুজ্জামানের বিরুদ্ধে যুবককে ইয়াবা দিয়ে ফাঁসানোর যে অভিযোগ উঠেছে, তা অস্বীকার করা হয়েছে। এই অভিযোগসহ পুরো ঘটনাটি স্থানীয় নানা শ্রেণি–পেশার মানুষের সঙ্গে কথা বলে সংবাদে তুলে ধরা হয়েছে। কোনো একপেশে তথ্য সেখানে উল্লেখ করা হয়নি। প্রতিবেদনে পুলিশ পরিদর্শকের বক্তব্যও উল্লেখ করা হয়েছে। তা ছাড়া যেসব প্রত্যক্ষদর্শীর বক্তব্যের ভিত্তিতে প্রতিবেদনটি করা হয়েছে, তাঁদের মধ্যে অন্তত পাঁচজন রয়েছেন স্থানীয় গণমান্য ব্যক্তি।