বরিশালে কবি জীবনানন্দ দাশের জন্মদিন ঘিরে নানা আয়োজন

কবি জীবনানন্দ দাশের জন্মদিনে ফুল দিয়ে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাচ্ছেন বরিশালের সাহিত্য–সাংস্কৃতিক অঙ্গণের নেতারা। বৃহস্পতিবার সকালে নগরের জীবনানন্দ দাশ সড়কের (বগুড়া রোড) জীবনানন্দ ভবনে
ছবি: প্রথম আলো

‘ঘুমে চোখ চায় না জড়াতে—/ বসন্তের রাতে/ বিছানায় শুয়ে আছি;/ —এখন সে কতো রাত!/ ওই দিকে শোনা যায় সমুদ্রের স্বর,/ স্কাইলাইট মাথার উপর,/ আকাশে পাখিরা কথা কয় পরস্পর।/ তারপর চ’লে যায় কোথায় আকাশে?/ তাদের ডানার ঘ্রাণ চারিদিকে ভাসে।’ বাংলা সাহিত্যের অন্যতম প্রধান আধুনিক কবি জীবনানন্দ দাশ তাঁর ‘পাখিরা’ কাব্যে বসন্তের রূপ-লাবণ্যকে এভাবে বর্ণনা করেছিলেন। এই ঋতুরাজ বসন্তের আজকের দিনেই জন্ম নিয়েছিলেন রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। আজ কবির ১২৩তম জন্মদিন। শ্রদ্ধা-ভালোবাসার মধ্য দিয়ে কবিকে স্মরণ করছে তাঁর জন্ম শহর বরিশালের বিভিন্ন অঙ্গনের ব্যক্তি ও সংগঠন।

কবির জন্মদিন উপলক্ষে জাতীয় কবিতা পরিষদ ও প্রগতি লেখক সংঘ বরিশাল শাখার উদ্যোগে কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, কবির কবিতা আবৃত্তি, স্বরচিত কবিতা আবৃত্তিসহ দিনব্যাপী নানা ‍আয়োজন করা হয়েছে। প্রগতি লেখক সংঘ বরিশাল শাখার সভাপতি অপূর্ব গৌতম জানান, আজ বৃহস্পতিবার সকাল নয়টায় নগরের জীবনানন্দ দাশ সড়কের (বগুড়া রোড) জীবনানন্দ ভবনে কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

আজ কবি জীবনানন্দ দাশের ১২৩তম জন্মদিন। শ্রদ্ধা-ভালোবাসার মধ্য দিয়ে কবিকে স্মরণ করছে তাঁর জন্ম শহর বরিশালের বিভিন্ন অঙ্গনের ব্যক্তি ও সংগঠন।

পরে জাতীয় কবিতা পরিষদ বরিশাল শাখার সাধারণ সম্পাদক পার্থ সারথির সঞ্চালনায় কবি জীবনানন্দ দাশের জীবন ও সৃষ্টি নিয়ে আলোচনা করেন কবি শোভন কর্মকার, ছড়াকার সুভাষ দাশ, আরিফ ‍আহমেদ, কবি দেবাশীষ হালদার, লেখক হাসিনা বেগম, কবি কাজী সেলিনা, বাহাউদ্দীন গোলাপ, অধ্যাপক বিমল চক্রবর্তী, কবি মোস্তাক ‍আল মেহেদী প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, রবীন্দ্র–উত্তর বাংলা কবিতায় জীবনানন্দই জুড়ে বসেছেন। নির্জনতার কবি হিসেবে খ্যাত হলেও জীবনানন্দ দাশ একজন কালসচেতন ও ইতিহাস–সচেতন কবি ছিলেন। আধুনিক কাব্যকলার বিচিত্র তত্ত্ব প্রয়োগ ও শব্দ নিরীক্ষার ক্ষেত্রে তাঁর অনন্যতা বিস্ময়কর। বিশেষত কবিতার উপমা প্রয়োগে জীবনানন্দের নৈপুণ্য তুলনাহীন। কবিতাকে তিনি মুক্ত আঙ্গিকে উত্তীর্ণ করে গদ্যের স্পন্দন যুক্ত করেছিলেন। এ ধারা পরবর্তী কবিদের প্রবলভাবে প্রভাবিত করেছে। তাঁদের জীবনবোধকে নাড়া দিয়েছে।

বক্তারা বলেন, ‘বাংলা ভাষার প্রবাদপ্রতিম এই কবির জন্ম শহর বরিশাল। এটি অবশ্যই আমাদের অমূল্য গৌরবের। এই বাংলায় ঘুরে বেড়িয়েই জীবনানন্দ চিত্রিত করেছেন বাংলার রূপ, লাবণ্য, প্রকৃতি-ঋতু এবং অপর বিশ্বকে।’

এদিকে কবি জীবনানন্দ দাশের স্মৃতিবিজড়িত বিদ্যাপীঠ সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে আজ সকাল ১০টায় কবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছে সাংস্কৃতিক সংগঠন ‘উত্তরণ’। এ ছাড়া সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন করে স্মরণ করা হবে প্রিয় কবিকে।