বাড়ি ভাঙার মামলায় নাচোলের ইউএনও, এসি ল্যান্ডের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

আদালত
প্রতীকী ছবি

হাটের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের নামে বাড়ি ভাঙার ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের নাচোলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (এসি ল্যান্ড) বিরুদ্ধে হওয়া মামলা পুলিশকে তদন্তের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হুমায়ন কবীর এ আদেশ দেন।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিযোগটি তদন্ত করবেন। ১৫ জুনের মধ্যে ওসিকে আদালতে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মামলার বাদী আবদুর রশীদের আইনজীবী আবদুর রহমান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ ও সহকারী কমিশনার মিথিলা দাসের উপস্থিতিতে উপজেলার কসবা উজিরপুর হাটখোলায় অবৈধ দোকান উচ্ছেদের নামে আবদুর রশীদের বাড়িও বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। এ সময় তাঁদের সঙ্গে থাকা লোকজন রশীদের বাড়িতে লুটপাট চালান। এ ঘটনার প্রতিকার চেয়ে ১৯ মে আদালতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারের পাশাপাশি মো. দুরুল, মো. নুরুল ও মো. জেন্টু নামের ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, ওই জমির ওপর ৬০ বছরেও বেশি সময় ধরে তাঁদের পাকা বাড়ি আছে। জমির আর এস দাগ নম্বর ১৬৬। এটা হাটের জমির দাগ নম্বরের মধ্যে না। অথচ ১০ মে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার পুলিশ ও লোকজন নিয়ে বাড়ি ভেঙে ফেলেন। এ সময় আসামিদের সঙ্গে থাকা ২০-২২ জন লোক বাড়ির দামি আসবাব, থালাবাসন ও টাকা লুট করে নিয়ে যান। এতে তাঁদের সব মিলিয়ে ১৬ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।

তবে এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ বলেন, হাটের অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। কিন্তু বাড়ি ভাঙা হয়নি।