বেড়িবাঁধ ভেঙে দিনে দুবার ভাসছে পাঁচ গ্রামের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। গত শুক্রবার পদ্মা গ্রামের ভাঙনকবলিত এলাকায়
প্রথম আলো

ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত হওয়ার পর এক যুগেও বরগুনার পাথরঘাটা উপজেলায় পদ্মা ও জিনতলা বেড়িবাঁধ নির্মাণ করা হয়নি। এই ১২ বছরে অন্তত ১২ বার ভেঙেছে বাঁধ ২টি। সর্বশেষ ৪ দিন ধরে চলমান অস্বাভাবিক জোয়ারে পদ্মার বেড়িবাঁধের ৪৫০ মিটার ভেঙে গেছে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে জিনতলা বেড়িবাঁধ।

জোয়ারের কারণে বেড়িবাঁধ দুটির তীরবর্তী জিনতলা, চরলাঠিমারা ও পদ্মা গ্রামের সম্পূর্ণ অংশ এবং রূহিতা ও বড় টেংরা গ্রামের একাংশের কয়েক হাজার মানুষ দিনে দুবার পানিতে ভাসছেন।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বরগুনা কার্যালয়ের পানি পরিমাপক কর্মী খাইরুল ইসলাম বলেন, ৩-৪ দিন ধরে বলেশ্বর ও বিষখালী নদ–নদীতে জোয়ারের পানি বিপৎসীমার ৩০ থেকে ৪০ সেন্টিমিটারের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ অস্বাভাবিক জোয়ারের কারণে পদ্মা বেড়িবাঁধ ভেঙে গেছে এবং জিনতলা বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো সময় জিনতলা বাঁধটিও ভেঙে যেতে পারে।

পদ্মা বেড়িবাঁধ এলাকার শাহ আলম, আবু জাফর, মরিয়ম বেগমসহ কয়েকজন বলেন, ভাঙা বেড়িবাঁধের কারণে তাঁদের খেয়ে না–খেয়ে জোয়ারের পানিতে ভাসতে হচ্ছে।

ভাটার সময় মাটি দিয়ে বাঁধ মেরামত করছেন শ্রমিকেরা। গতকাল শনিবার পদ্মা গ্রামের ভাঙনকবলিত এলাকায়
প্রথম আলো

জিনতলা ও পদ্মা বেড়িবাঁধ দুটি বিষখালী ও বলেশ্বর নদ–নদীর তীরবর্তী পাথরঘাটা সদর ইউনিয়নে অবস্থিত। এ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বলেন, ২০০৭ সালের ১৫ নভেম্বর সিডরে জিনতলা ও পদ্মা বেড়িবাঁধ দুটি ভেঙে যায়। এরপর ১২ বছরেও এ ২টি বেড়িবাঁধ নির্মাণ করা হয়নি। এ কারণে এ এলাকার কয়েক হাজার মানুষ দিনে-রাতে জোয়ারের পানিতে ভাসছেন। এ ভোগান্তিতে সরকারের দৃশ্যমান উন্নয়নও মানুষের কাছে ম্লান হয়ে যাচ্ছে। তাই জিনতলা ও পদ্মা বেড়িবাঁধ দুটি টেকসইভাবে নির্মাণ করতে দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন।

চরলাঠিমারা গ্রামের বাসিন্দা ইউপি সদস্য আবদুস সাত্তার খান এবং পদ্মা গ্রামের বাসিন্দা ইউপি সদস্য আবুবকর সিদ্দিক বলেন, বেড়িবাঁধ ঠিক না করায় মানুষের দুঃখ-কষ্ট চোখে দেখার মতো নয়। প্রতিদিন বেলা দুইটার দিকে জোয়ার শেষে পানিতে ভাটির টান শুরু হলে তাঁরা রান্নাবান্না শুরু করেন। খেতে খেতে প্রায় সন্ধ্যা। আবার রাত সাড়ে ৮টার দিকে জোয়ার শুরু হলে রাত সাড়ে ১২টা পর্যন্ত নির্ঘুম রাত কাটাতে হয়। অনেক সময় ওই দুপুরে এক বেলা খেয়েই থাকতে হয়। এভাবেই চার দিন ধরে তাঁদের দিন কাটছে।

ওই দুই ইউপি সদস্য আরও বলেন, এত কিছুর পরও তাঁরা ত্রাণ নিতে রাজি নন। তাঁদের একটাই দাবি, দ্রুত পদ্মা ও জিনতলা বেড়িবাঁধ দুটি টেকসই করে নির্মাণ করা হোক।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ূন কবির বলেন, পদ্মা বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় এবং অস্বাভাবিক জোয়ারের পানিতে জিনতলা বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় মানুষজন ঝুঁকির মধ্যে বাস করছেন। একমাত্র টেকসই বেড়িবাঁধই হতে পারে এসব মানুষের নিরাপত্তা বেষ্টনী।

পাউবোর বরগুনা জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী কায়ছার আলম আজ রোববার বলেন, পদ্মার ভাঙন এলাকায় বর্তমানে জরুরি মাটির মেরামত করা হচ্ছে। পদ্মা, জিনতলা, পরিঘাটা, কালমেঘা ও কাকচিড়া—এ ৫টি বেড়িবাঁধের ১১ কিলোমিটারে স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। এ প্রকল্প পাস হলে এ পাঁচটি বেড়িবাঁধে ব্লক দিয়ে ঢালসহ তীর সংরক্ষণ করা হবে।