‘দা আ সাল দে সাল সা মা মাং খুশি হংই রোপানা’– এটি মান্দি ভাষায় বড়দিনের আগের রাতের কীর্তন। সুরের মূর্ছনায় বাড়ি বাড়ি গিয়ে নেচেগেয়ে আনন্দে মাতেন খ্রিষ্টান সম্প্রদায়ের আবালবৃদ্ধবনিতা। চিরাচরিত সামাজিক ও সাংস্কৃতিক এই আয়োজনে থাকে বাহারি পিঠা খাওয়ার ধুম।
বড়দিন উদযাপন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাতে এমন সুরের মূর্ছনায় বিমোহিত ছিল গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়াচালা এলাকার গারো সম্প্রদায়ের প্রায় ১২০টি পরিবার। যুগ যুগ ধরে এখানে থাকা খ্রিষ্টীয় ধর্মাবলম্বীরা এমন আনন্দঘন উৎসব করে আসছেন। ধর্ম-বর্ণনির্বিশেষে এখানে শান্তিপূর্ণভাবে প্রতিবছর এমন উৎসব চলে।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে দেখা যায়, ব্যাপ্টিস্ট মিশনে জড়ো হয়েছেন শত শত মানুষ। তাঁরা খোলা জায়গায় নেচে-গেয়ে বড়দিনের সূচনাপর্ব উদ্যাপন করেন। পরিবেশন করা হচ্ছে বিভিন্ন ধরনের স্বাদের পিঠা। গাওয়া হচ্ছে প্রার্থনা সংগীত। পুরো এলাকা বর্ণিল বাতিতে সাজানো হয়েছে। ঢোল বাজছে বাড়িতে বাড়িতে। শ খানেক শিশু-কিশোর ও নারী ঢোল, তবলা আর কর্তালের তালে তালে বিভিন্ন বাড়িতে নেচে-গেয়ে আনন্দ করছেন। কীর্তনের সুরের সঙ্গে তাঁদের পায়ের চমৎকার তাল উঠানজুড়ে ভিন্ন রকম আবহ তৈরি করে। এরই মধ্যে একজন উচ্চ স্বরে বলে উঠলেন, ‘আইঅ মান্দি বাংবিয়া’। এরপর সবাই সমস্বরে বলে উঠছেন ‘বাহ্ বাহ্ বাহ্’। রাত সাড়ে বারোটা পর্যন্ত তাঁদের এমন মোহনীয় নাচ-গানের সাংস্কৃতিক আয়োজন চলছিল। গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জায়। গ্রামজুড়ে ছড়িয়ে পড়ে আনন্দ বার্তা।
গারো সম্প্রদায়ের কয়েকজন জানালেন, শ্রীপুরে কেওয়াচালা গ্রামে খ্রিষ্ট ধর্মাবলম্বী গারো সম্প্রদায়ের লোকজনের বসবাস বহু বছর ধরে। স্থানীয় হিন্দু, মুসলিম ও অন্য ধর্মাবলম্বী পরিবারগুলোর সঙ্গে তাঁদের সম্পর্ক নিবিড়। ধর্মীয় রীতি-নীতি আনুষ্ঠানিকতায় থাকে পারস্পরিক সহযোগিতা।
বাড়ি বাড়ি গিয়ে কীর্তন গাওয়ার বিষয়টি দেখভাল করছিলেন সেখানকার সুব্রত মারাক ও আগস্টিং গাবিল নামের দুজন। তাঁরা বলেন, বড়দিনের আগের রাতের এই কীর্তন তাঁদের সবার মধ্যে আনন্দের সঞ্চার করে। ছেলে-বুড়ো সবাই খুব মজা করে এই উৎসবে। কীর্তনে নেচে-গেয়ে আনন্দ করে শিশু সালদ সাংমা। সে বলে, ‘কীর্তনে সবার সঙ্গে আমিও মজা করছি।’
কেওয়াচালা ব্যাপ্টিস্ট চার্চের পাস্টার (পালক) আনোয়ার হোসেন বলেন, এখানে বড়দিনের কীর্তনের জন্য সবাই সমবেত হয়েছে। কীর্তনের মাধ্যমে খ্রিষ্টীয় সমাজ যিশু অথবা ঈসার জন্মের বার্তা সবাইকে জানিয়ে দেয়।