ভোলায় মন্দিরের জানালা ভেঙে ১৩টি প্রতিমা ও স্বর্ণালংকার চুরি
ভোলা পৌর শহরের কয়েক শ বছরের পুরোনো শ্রী শ্রী ভদ্রবাড়ি হরি মন্দিরের জানালা ভেঙে রাতের আঁধারে ১৩টি পিতলের প্রতিমা ও ২ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। সেই সঙ্গে ১০ হাজার টাকাসহ পূজার কাজে ব্যবহৃত আসবাবও নিয়ে গেছে চোরেরা। গতকাল সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
মন্দিরটি পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত। চুরি হওয়া প্রতিমার মধ্যে চারটি রাধা-কৃষ্ণের ও চারটি গোপালের প্রতিমা। বাকিগুলো অন্যান্য দেব-দেবীর। সব মিলিয়ে কয়েক লাখ টাকা মূল্যমানের প্রতিমা, স্বর্ণালংকার ও আসবাব চুরি গেছে বলে মন্দির কমিটির নেতারা জানিয়েছেন।
আজ মঙ্গলবার সকালে পুরোহিত ও ভক্তরা মন্দিরে পূজা দিতে এসে ভেতরে প্রবেশ করে দেখেন, সবকিছু এলোমেলো।
এ ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা ক্ষোভ প্রকাশ করেছেন। মন্দির কমিটির নেতারা জানান, গতকাল সন্ধ্যার পর পূজা-অর্চনা শেষ করে মন্দিরে তালা লাগিয়ে সবাই যে যার মতো বাড়িতে চলে যায়। গভীর রাতে কে বা কারা পেছনের জানালা ভেঙে মন্দিরে প্রবেশ করে মূর্তি, স্বর্ণালংকার, নগদ টাকাসহ কয়েক লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। আজ মঙ্গলবার সকালে পুরোহিত ও ভক্তরা মন্দিরে পূজা দিতে এসে ভেতরে প্রবেশ করে দেখেন, সবকিছু এলোমেলো।
মন্দির কমিটির সভাপতি মহাদেব ভদ্র বলেন, গতকাল রাতেও মন্দিরে পূজা হয়েছিল। কিন্তু রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা মন্দিরের জানালা ভেঙে মালামাল চুরি করে নিয়ে গেছে। তিনি আরও জানান, এ বিষয়ে ভোলা সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন তাঁরা।
ভোলা সদর মডেল থানার পরিদর্শক মো. আরমান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে।