মাগুরায় ‘শতভাগ’ করোনার প্রথম ডোজ টিকা দেওয়ার দাবি
মাগুরা জেলায় ‘শতভাগ’ মানুষকে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজের আওতায় আনার দাবি করেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। গতকাল শনিবার বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাস্থ্য বিভাগের এ অর্জন উদ্যাপন করা হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুসারে শনিবার পর্যন্ত মাগুরায় ১২ বছরের ঊর্ধ্বে মোট ৮ লাখ ১৬ হাজার ৪০১ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে, যা জেলার ১২ বছরের ঊর্ধ্বে থাকা মোট জনসংখ্যার ৭১ দশমিক ৭৩ শতাংশ। এর মধ্যে দ্বিতীয় ডোজ টিকা নিয়েছে ৫ লাখ ৫৫ হাজার ২৬৩ মানুষ।
মাগুরার সিভিল সার্জন শহিদুল্লাহ দেওয়ান রোববার প্রথম আলোকে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসারে কোনো এলাকার নির্দিষ্ট জনগোষ্ঠীর (টিকা গ্রহণের যোগ্য) ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে পারলে তাকে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন বলা যাবে। মাগুরা জেলায় সে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।
সিভিল সার্জন আরও বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে পারলে সেখানে হার্ড ইমিউনিটি তৈরি হয়। সংক্রমণের হারও কমে আসে। টিকা দেওয়ার হারে সারা দেশের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে মাগুরা জেলা। এর ওপরে রয়েছে গাজীপুর ও ঢাকা জেলা। সরকারি নির্দেশনা ও জনগণের চাহিদা অনুযায়ী করোনার টিকাদান কার্যক্রম চলমান থাকবে বলে জানান এই চিকিৎসক।’