মুরাদ হাসানের শিক্ষাটাও ছাত্রদল থেকে এসেছে: হানিফ

ফেনী জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বুধবার দুপুরে ফেনী পিটিআই মাঠে
প্রথম আলো

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, মুরাদ হাসান হয়তো ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রচার সম্পাদক ছিলেন। মির্জা ফখরুলের বক্তব্য অনুযায়ী যেহেতু তিনি ছাত্রদল করতেন, তাই মুরাদ হাসানের শিক্ষাটাও ওখান থেকে এসেছে। বিএনপির রাজনীতিতে অভদ্র কর্মকাণ্ড অনেক রয়েছে। কিন্তু আওয়ামী লীগের রাজনীতিতে বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিকের মুখে অরুচিকর কথা কোনোভাবে আসার কথা নয়।

আজ বুধবার দুপুরে ফেনী পিটিআই মাঠে জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুব উল আলম হানিফ মন্ত্রিসভা থেকে সদ্য পদত্যাগকারী তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সম্পর্কে এ কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি অস্থিতিশীল রাজনীতি করছে। একজন দণ্ডপ্রাপ্ত কয়েদি যে ধরনের সুযোগ-সুবিধা পাওয়ার কথা, কারা বিধান অনুযায়ী তার অনেক বেশি সুযোগ-সুবিধা তিনি পাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতার কারণে তাঁর নির্বাহী ক্ষমতাবলে দণ্ড স্থগিত করে তাঁকে দেশের মধ্যে সর্বোচ্চ স্বাধীনভাবে চিকিৎসার সুযোগ করে দিয়েছেন। মাহবুব উল আলম হানিফ বিএনপি নেতাদের প্রেসক্লাবের সামনে মানববন্ধনে না দাঁড়িয়ে রাষ্ট্রপতির কাছে মাফ চাইতে বলেন এবং রাষ্ট্রপতি ক্ষমা করলেই খালেদা জিয়া স্বাধীনভাবে যেকোনো জায়গায় চিকিৎসা নিতে পারেন বলে মন্তব্য করেন।

রাষ্ট্রপতি ক্ষমা করলেই খালেদা জিয়া স্বাধীনভাবে যেকোনো জায়গায় চিকিৎসা নিতে পারেন বলে মন্তব্য করেন মাহবুব উল আলম হানিফ।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ আহম্মদের সভাপতিত্বে প্রতিনিধি সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা সম্পাদক সাংসদ ওয়াসিকা আয়শা খান, কেন্দ্রীয় উপপ্রচার-প্রকাশনা সম্পাদক মো. আমিনুল ইসলাম এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংসদ নিজাম উদ্দিন হাজারী। বক্তব্য দেন ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

দিনব্যাপী সভায় জেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক; উপজেলা ও জেলার নেতা ছাড়াও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।