রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় হাসপাতালটি লকডাউন ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার রাত থেকে তা লকডাউন করা হয়।

জেলা সিভিল সার্জন ও জেলা করোনাভাইরাস কমিটির সদস্যসচিব হিরম্ব কুমার রায় বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, গত শনিবার ও গতকাল রোববার এই দুই দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

তিনি আরও বলেন, শনিবার মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর পরদিন রোববার সেখানকার আরেক চিকিৎসকেরও শনাক্ত হয়। ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন ঘোষণা করা হয়েছে।

সিভিল সার্জন জানান, গতকাল করোনাভাইরাস শনাক্ত হওয়া চিকিৎসকের পরিবারের সব সদস্য এবং হাসপাতালের চিকিৎসকসহ ২০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। পরীক্ষার পর ফলাফলে জানা যাবে তাঁরা আক্রান্ত কি না।