লঞ্চে অগ্নিকাণ্ডে মৃত ২৯ জনের জানাজা সম্পন্ন, বেওয়ারিশ হিসেবে দাফনের প্রস্তুতি
বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বেওয়ারিশ ২৯ জনের জানাজা সম্পন্ন হয়েছ। আজ শনিবার বেলা ১১টার দিকে বরগুনা সার্কিট হাউস-সংলগ্ন ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। লাশগুলো বেওয়ারিশ হিসেবে সদর উপজেলার পোটকাখালী গ্রামের সরকারি গণকবরে দাফনের প্রস্তুতি চলছে। বরগুনার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান এ তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
জানাজায় জেলা প্রশাসক হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, পৌর মেয়র কামরুল আহসান মহারাজসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় হাজারো মানুষ অংশ নেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঝালকাঠি জেলা প্রশাসন ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে লঞ্চ দুর্ঘটনায় নিহত ৩৬ জনের লাশ বরগুনা জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। এর মধ্যে সাতজনের পরিচয় শনাক্ত হওয়ায় ওই লাশগুলো তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ২৯ জনের পরিচয় শনাক্ত না হওয়ায় বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে
এর আগে জেলা প্রশাসক হাবিবুর রহমান প্রথম আলোকে জানিয়েছিলেন, বরগুনায় লাশ সংরক্ষণের হিমাগার না থাকার কারণে লাশগুলো বেশিক্ষণ রাখা সম্ভব হচ্ছে না। তবে লাশগুলোর ডিএনএ স্যাম্পল রেখে লাশ দাফন করা হবে। নিহত ব্যক্তিদের লাশ দাফনের জন্য ২৫ হাজার এবং চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা সরকারি সহায়তা দেওয়া হচ্ছে।