সাঙ্গু নদে নিখোঁজ ভাই–বোনের মধ্যে বোনের লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

বান্দরবানে বেড়াতে এসে সাঙ্গু নদে ডুবে নিখোঁজ দুই পর্যটক ভাই-বোনের মধ্যে বোনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে ডুবুরিদের উদ্ধার অভিযানে লাশটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ওই কিশোরীর নাম মারিয়াম বিনতে আদনিন (১৬)। সে নারায়ণগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রী। তাঁর ভাই আহনাফ আকিব (২২) এখনো নিখোঁজ। তাঁকে উদ্ধারে ডুবুরিরা কাজ করছেন বলে জানান বান্দরবান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা নাজমুল আলম।

ফায়ার সার্ভিস জানায়, গতকাল শুক্রবার সকালে মারিয়াম, আহনাফ ও তাঁদের মামাতো বোন ফারিয়া ইসলামসহ কয়েকজন তরুণ-তরুণী ইঞ্জিনচালিত নৌকায় সাঙ্গু নদে উজানে বেড়াতে গিয়েছিলেন। এরপর সাঙ্গু নদের তারাছামুখ ও বেতছড়ার মাঝামাঝি এলাকায় পানিতে নামেন ফারিয়া ইসলাম। এ সময় তিনি গভীরে তলিয়ে যান তিনি।

আরও পড়ুন

ফারিয়াকে উদ্ধার করতে গিয়ে আহনাব ও মারিয়াম এগিয়ে গেলে তাঁরাও তলিয়ে যান। পরে ফারিয়াকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত ফারিয়া ইসলামের মামা মোহাম্মদ সুমন জানান, পরীক্ষা শেষে ১০ জন তরুণ-তরুণী বান্দরবান বেড়াতে গিয়েছিলেন। তাঁরা সবাই পরস্পরের আত্মীয় ও নারায়ণগঞ্জের ফতুল্লা, জামতলা, মডেল কলেজের কাছাকাছি এলাকার বাসিন্দা। এর মধ্যে মারিয়াম ও আকিব আপন ভাইবোন এবং ফারিয়া তাঁদের মামাতো বোন। আকিব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। হঠাৎ এ রকম মর্মান্তিক দুর্ঘটনায় তাঁদের পরিবারে এখন মাতম চলছে।

নাজমুল আলম ঘটনাস্থল থেকে জানান, আজ সকালে চট্টগ্রাম থেকে আসা ডুবুরিরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। নিখোঁজ দুজনের মধ্যে একজনের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। আকিবকে উদ্ধারের কাজ চলছে। প্রচণ্ড শীতের কারণে একটানা বেশিক্ষণ পানিতে থাকা যাচ্ছে না। এ জন্য উদ্ধারকাজে কিছুটা দেরি হচ্ছে।