সাতক্ষীরায় নকল পরিচয়পত্র-পোশাকসহ ভুয়া সেনাসদস্য আটক
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর নকল পরিচয়পত্র, পোশাকসহ আবদুর রহমান (২৬) নামের এক ভুয়া সেনাসদস্যকে আটক করেছে র্যাব-৬। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার হেলাতলা ইউনিয়নের দমদম বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটক আবদুর রহমান জেলার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের দক্ষিণ পুইজালা গ্রামের বাসিন্দা। আজ শুক্রবার বেলা ১১টায় র্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) পহন চাকমা এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
পহন চাকমা বলেন, কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের দমদম বাজারের উত্তর পার্শ্বে শ্মশানঘাট-সংলগ্ন রাস্তার পাশে একজন ভুয়া সেনাসদস্য অবস্থান করছেন—এমন সংবাদের ভিত্তিতে গতকাল রাত আটটার দিকে র্যাবের সাতক্ষীরা ক্যাম্পের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সেনাসদস্য পরিচয় দেওয়া আবদুর রহমানকে হাতেনাতে আটক করা হয়। তাঁর কাছে থাকা একটি ব্যাগ থেকে সৈনিক পদবির বাংলাদেশ সেনাবাহিনী লেখা একটি নকল পরিচয়পত্র, সেনাবাহিনীর একটি ফুল শার্ট, একটি ফুল প্যান্ট, একটি নামফলক, একটি ফরমেশন সাইন, দুই জোড়া শোল্ডার ব্যাজ (আর্টিলারি লেখা), সেনাবাহিনীর মূল্যবোধ ও চেতনা কার্ড একটি, দুটি সিমকার্ড ও একটি মুঠোফোন জব্দ করা হয়।
প্রেস ব্রিফিংয়ে র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি তাঁর কাছে থাকা পরিচয়পত্র নকল এবং এই পরিচয় ব্যবহার করে বিভিন্ন নারীর সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতেন বলে স্বীকার করেছেন। তিনি এর মাধ্যমে অনৈতিক সুবিধাও নিতেন। জব্দ করা মালামালসহ আটক ভুয়া সেনাসদস্যকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।