১৬ হাজার শিক্ষার্থী মিলে ফুটিয়ে তুলল লাল–সবুজের পতাকা
মহান বিজয় দিবসে চাঁপাইনবাবগঞ্জে প্রায় ১৬ হাজার শিক্ষার্থী ফুটিয়ে তুলল লাল–সবুজের জাতীয় পতাকা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষের শপথ অনুষ্ঠান উপলক্ষে শহরের আ আ ম মেসবাহুল হক বাচ্চু স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার বিকেলে ওই ‘মানব পতাকা’ প্রদর্শিত হয়।
লাল ও সবুজ রঙের ক্যাপ মাথায় দিয়ে স্টেডিয়ামের মধে৵ ৩৫০ ফুট দৈর্ঘ্য ও ২১০ ফুট প্রস্থের এ মানব পতাকা তৈরি করে শিক্ষার্থীরা। এরপর ১৬ হাজার শিক্ষার্থী ও গ্যালারিতে বসা প্রায় ৩০ হাজার মানুষ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রীর পরিচালনায় শপথ অনুষ্ঠানে অংশ নেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত ওই অনুষ্ঠানের মঞ্চে শিল্পীরা যখন ‘লাল সবুজের বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও...’ গান গাচ্ছিলেন, তখন স্টেডিয়ামে উপস্থিত ৩০ হাজার মানুষের হাতে দোল খাচ্ছিল লাল–সবুজের পতাকা। সৃষ্টি হয় চোখ জুড়ানো এক দৃশ্যের। অনুষ্ঠানের মঞ্চে জেলা পুলিশ দলের সাংস্কৃতিক আয়োজনও ছিল মনোরম।
পতাকার আদল তৈরিতে অংশ নেওয়া পৌর এলাকার রাজারামপুর হাসিনা বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী উম্মে হাবিবা, ফাহিমা খাতুন ও নবম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার বলে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এ আয়োজনে অংশ নিতে পেরে তাঁরা গর্বিত। এ ঘটনা জীবনভর মনে থাকবে। চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী আজমেরী তাবাসসুম বলে, ‘মনে হচ্ছে স্বাধীনতার আনন্দ পাচ্ছি। ভুলব না এই স্মৃতি।’
জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ বলেন, প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ করোনোর সময় এই স্টেডিয়ামের ৩০ হাজারসহ বিভিন্ন উপজেলা মিলিয়ে ৫০ হাজার জাতীয় পতাকা প্রদর্শন করা হয়।