'সম্মানের' অসম্মান

নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর স্নাতক (সম্মান) কলেজের প্রধান সাইনবোর্ড। ছবি: প্রথম আলো
নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর স্নাতক (সম্মান) কলেজের প্রধান সাইনবোর্ড। ছবি: প্রথম আলো

নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর স্নাতক (সম্মান) কলেজের প্রধান সাইনবোর্ডে ‘সম্মান’ বানানেই ভুল রয়েছে। ভুলের বিষয়টি কয়েক মাস আগে কলেজ কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। কিন্তু এখনো তা সংশোধন করা হয়নি।

আজ মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কলেজের প্রধান সাইনবোর্ডে ‘সম্মান’ শব্দের বানান ‘সন্মান’ লেখা রয়েছে।

ওই এলাকার বাসিন্দা সালাহ্ উদ্দিনের ভাষ্য, মাস তিনেক আগে ভুল বানানের বিষয়টি কলেজের অধ্যক্ষকে জানিয়েছেন তিনি। কিন্তু কলেজ কর্তৃপক্ষ এখনো বানানটি সংশোধন করেনি।

স্থানীয় সচেতন মহলের কয়েকজনের ভাষ্য, কলেজটি পাবনা-ঢাকা মহাসড়কের পাশে অবস্থিত। কলেজের প্রধান সাইনবোর্ডে ‘সম্মান’ বানান ভুল থাকার বিষয়টি সাধারণ মানুষের নজরে এসেছে। এটা নিয়ে হাস্যরস পর্যন্ত হচ্ছে। কিন্তু এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ নির্বিকার।

কলেজের শিক্ষক আবু হেনা ও ফারুক হোসেনের ভাষ্য, বানান ভুলের বিষয়টি তাঁদের চোখে পড়েনি। তাঁরা কলেজের অধ্যক্ষকে বিষয়টি জানাবেন।

জানতে চাইলে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তুঘলোক বলেন, সাইনবোর্ডটি একটি মুঠোফোন কোম্পানি তৈরি করে দিয়েছে। কয়েক মাস আগে ওই মুঠোফোন কোম্পানিকে ভুল সংশোধন করে দেওয়ার জন্য বলা হয়েছে। তবে তারা উদ্যোগ নেয়নি। বিষয়টি তাদের ফের স্মরণ করিয়ে দেওয়া হবে।

নিজেদের উদ্যোগে কেন বানান সংশোধন করা হচ্ছে না—জানতে চাইলে অধ্যক্ষ বলেন, ‘তারা (মুঠোফোন কোম্পানি) সংশোধন না করলে আমরাই করব।’

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি মঞ্জুরিভুক্ত কলেজটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।