দায়িত্ব নেওয়ার চার দিনের মাথায় মশা নিধনে নতুন প্রশাসকের অভিযান

সিলেট নগরের বিশেষ মশকনিধন অভিযানের উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী। আজ শনিবার বিকেলে নগরের নয়া সড়ক এলাকায়ছবি: প্রথম আলো

সিলেট সিটি করপোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব নেওয়ার চার দিনের মাথায় নগরজুড়ে বিশেষ মশকনিধন অভিযান শুরু হয়েছে। আজ শনিবার বিকেলে নগরের নয়া সড়ক এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী।

উদ্বোধন শেষে প্রশাসক বলেন, নগরবাসী মশার উপদ্রবে অতিষ্ঠ। ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি বিবেচনায় নিয়েই দায়িত্বের শুরুতে মশা নিধন কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

সিটি করপোরেশন সূত্র জানায়, জনস্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে নগরের ৪২টি ওয়ার্ডের মধ্যে প্রথম পর্যায়ে ৮টি ওয়ার্ডে একযোগে অভিযান শুরু হয়েছে। বর্তমানে ১, ২, ৪, ১৪, ১৫, ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে মশা নিধন কার্যক্রম চলছে। পর্যায়ক্রমে অন্যান্য ওয়ার্ডেও এ অভিযান পরিচালিত হবে। নিয়মিত লার্ভা ধ্বংস কার্যক্রম ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতের মাধ্যমে মশার বিস্তার রোধের পরিকল্পনা আছে।

নগরবাসীর সহযোগিতা কামনা করে প্রশাসক বলেন, সবার অংশগ্রহণ ছাড়া পরিচ্ছন্ন নগর গড়া সম্ভব নয়। বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান জানান তিনি। সিটি করপোরেশন নিয়মিতভাবে বর্জ্য সংগ্রহ করবে।

গত বুধবার সিলেট সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব নেন আবদুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, জনদুর্ভোগের খাতগুলো চিহ্নিত করে ধাপে ধাপে উদ্যোগ নেওয়া হবে। মশা নিধনের পাশাপাশি রাস্তাঘাট সংস্কার, ফুটপাত দখলমুক্তকরণ ও যানজট নিরসনেও পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা আছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।