জামালপুরে স্বামীকে বেঁধে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড

আদালতপ্রতীকী ছবি

জামালপুর সদর উপজেলায় স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–১–এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড পাওয়া তিন আসামি হলেন সদর উপজেলার পাকুল্লা এলাকার ফারুক হোসেন (৩০), মনসুর আলী (২৭) ও ফেরদৌস হোসেন (২২)। আসামিরা পলাতক থাকায় রায় ঘোষণার সময় তাঁরা আদালতে উপস্থিত ছিলেন না।

মামলার সংক্ষিপ্ত বিবরণী ও আদালত সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৯ জুলাই বিকেলে ওই গৃহবধূ ও তাঁর স্বামী ব্যবসায়িক কাজে সদর উপজেলার রশিদপুর চৌরাস্তা এলাকার একটি বাড়ি যান। সেখান থেকে রাত ৯টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে অভিযুক্ত তিনজন তাঁদের গতি রোধ করেন। পরে তাঁরা গৃহবধূর স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে ওই নারীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করেন। ঘটনার পরদিন ওই গৃহবধূ নিজে বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০২৪ সালের ৬ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। শুনানি শেষে আজ তাঁদের মৃত্যুদণ্ডের রায় দেন আদালত।

জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–১–এর সরকারি কৌঁসুলি ফজলুল হক প্রথম আলোকে বলেন, মামলায় ভুক্তভোগী গৃহবধূসহ চারজনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। এতে অভিযোগটি প্রমাণিত হয়েছে। আজ দুপুরে আসামিদের নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অন্য আরেকটি ধারায় মৃত্যুদণ্ড দেন আদালত। এ ছাড়া সব আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।