বিয়ের নিমন্ত্রণপত্র আর দেওয়া হলো না
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নিজের বিয়ের নিমন্ত্রণপত্র নিয়ে আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ দিতে যাওয়ার পথে প্রাইভেট কারের ধাক্কায় এক তরুণ মোটরসাইকেল আরোহী স্বর্ণ ব্যবসায়ী হবু বর নিহত হয়েছেন। আজ রোববার বিকেল পাঁচটার দিকে উপজেলার নানুপুর-মাইজভান্ডার সড়কের নাজিরহাট পৌরসভার ঝংকার মোড়ের কাছে মাইজভান্ডার সাদা মসজিদ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হবু বরের নাম বিজয় ধর (২৮)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের পেছনের আসনে থাকা রাজেশ ধর (২৮) নামের আরেক তরুণ। তাঁরা দুজনেই স্থানীয় নাজিরহাট বাজারের স্বর্ণ ব্যবসায়ী। দুজনের বাড়ি একই উপজেলার পূর্ব সুয়াবিল ইউনিয়নের ভাঙ্গা দিঘির পাড় গ্রামে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী, পরিবারের সদস্য ও থানা-পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী শুক্রবার নিহত বিজয় ধরের বিয়ের দিনক্ষণ ঠিক করেছে পরিবার। চলছিল আত্মীয়স্বজনদের নিমন্ত্রণপত্র দেওয়ার কাজ। রোববার বিকেলে বিজয় ধর তাঁর প্রতিবেশী বন্ধু রাজেশ ধরকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে বের হয়ে উপজেলার নানুপুর বাজারের দিকে তাঁর এক আত্মীয়ের বাড়িতে বিয়ের নিমন্ত্রণপত্র নিয়ে যাচ্ছিলেন। বেলা পাঁচটার দিকে ঘটনাস্থলে পৌঁছালে একটি প্রাইভেট কার তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তাঁরা দুজন সড়কে ছিটকে পড়ে আহত হন।
স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বিজয় ধরকে মৃত ঘোষণা করেন। রাজেশ ধরের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
বিজয় ধরের ছোট ভাই বলেন, ‘আমার ভাইয়ের আগামী শুক্রবারে বিয়ের আয়োজন ঠিক করা হয়েছিল। নিজের বিয়ের নিমন্ত্রণপত্র নিয়ে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি।’
ফটিকছড়ি থানার উপপরিদর্শক নুরুল ইসলাম আজ রোববার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, নিহত ওই হবু বর আর আহত তরুণ পেশায় স্বর্ণ ব্যবসায়ী ছিলেন। প্রাইভেট কারটি চালকসহ পালিয়ে যাওয়ায় এটি জব্দ করা যায়নি।