মিরসরাইয়ে যুবকের বিকৃত হয়ে যাওয়া লাশ উদ্ধার
চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার সুবারটেক এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ শনিবার ভোরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ধারণা করছে, ওই যুবককে হত্যার পর উপকূলে বেড়িবাঁধের ধারে ফেলে গেছে দুর্বৃত্তরা। চেহারা বিকৃত হয়ে যাওয়ায় তাঁর পরিচয় ও বয়স শনাক্ত করা যায়নি।
সীতাকুণ্ডের কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক এনামুল হক প্রথম আলোকে বলেন, গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে নদীর ধারে লাশ পড়ে থাকার বিষয়টি তাঁকে জানান জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। কুমিরা নৌ পুলিশ ফাঁড়ি থেকে ঘটনাস্থল অন্তত ৪০ কিলোমিটার দূরে। এরপর তাঁরা সুবারটেক বেড়িবাঁধ এলাকায় গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করেন।
এনামুল হক আরও বলেন, যুবকের গলায় কাপড় প্যাঁচানো ছিল। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তাঁদের ধারণা, এটি হত্যাকাণ্ড। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় একটি হত্যা মামলা হবে বলে জানান তিনি।