ভালো মানুষ হয়ে দেশ গড়ার প্রত্যয় কৃতী শিক্ষার্থীদের
‘আলোকিত মানুষ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে। তবে সব মেধাবীই কিন্তু আলোকিত মানুষ হতে পারে না। আলোকিত মানুষ হতে হলে সন্ত্রাস ও মাদক থেকে দূরে থাকতে হবে। নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়তে পারলেই দেশ উন্নত হবে। ভালো মানুষ হয়ে দেশ গড়তে হবে তোমাদের। অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।’
বুধবার শরীয়তপুরে প্রথম আলো-শিখো আয়োজিত এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা এসব কথা বলেন।
সকাল আটটায় শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে জিপিএ-৫ পাওয়া নিবন্ধিত শিক্ষার্থীদের অভিনন্দনপত্র ও সম্মাননা স্মারক বিতরণের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। সকাল সাড়ে নয়টা পর্যন্ত চলে বিতরণ কার্যক্রম। সকাল ১০টায় শিল্পকলা একাডেমির শিল্পীদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। এদিন ২৫৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন শরীয়তপুর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ, সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মো. আলী হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামসুন নাহার, ভাষা সংগ্রামী জালাল উদ্দিন আহমেদ, শরীয়তপুর গোলাম হায়দার খান মহিলা কলেজের সহযোগী অধ্যাপক দেলোয়ার হোসেন ও প্রথম আলোর যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর শরীয়তপুর প্রতিনিধি সত্যজিৎ ঘোষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলো বন্ধুসভা শরীয়তপুরের সভাপতি শাহিন সরকার।
অধ্যক্ষ হারুন অর রশিদ বলেন, ‘অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তোমরা থেমে থাকনি, এ সাফল্যই তার প্রমাণ। তোমাদের সাফল্যের ধারা অব্যাহত রাখতে হবে। ভালো ও আদর্শবান মানুষ হতে হলে কঠোর পরিশ্রম করে অধ্যবসায় চালিয়ে যেতে হবে।’
বীর মুক্তিযোদ্ধা মো. আলী হোসেন বলেন, ‘আলোকিত মানুষ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে তোমাদের। অনেক ত্যাগ ও জীবনের বিনিময়ে প্রিয় মাতৃভূমি স্বাধীন হয়েছে। সবার আগে গুরুত্ব দিয়ে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।’
ভাষাসৈনিক জালাল উদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, আমরা মাতৃভাষার জন্য সংগ্রাম করেছি, জীবন দিয়েছি। কখনো মাতৃভাষা ও মাতৃভূমির অমর্যাদা হতে দেওয়া যাবে না।’
অতিরিক্ত জেলা প্রশাসক শামসুন নাহার বলেন, সব মেধাবী কিন্তু আলোকিত মানুষ হতে পারে না। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবরার হত্যাকাণ্ড তাঁদের সেটা বুঝিয়ে দিয়েছে। আলোকিত মানুষ হতে হলে সন্ত্রাস ও মাদক থেকে দূরে থাকতে হবে। নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়তে পারলেই দেশ উন্নত হবে।
প্রথম আলোর যুব কার্যক্রমের প্রধান মুনির হাসান বলেন, ‘তিন ম-কে না বলতে হবে। মাদক, মিথ্যা ও মুখস্থ থেকে দূরে থাকতে পারলে জীবনে সফল হওয়া যাবে। স্কুল ছেড়ে কলেজে পা রাখলে নানা ধরনের আড্ডা ও খারাপ সঙ্গ হাতছানি দেবে। কিন্তু তোমাদের সেটা এড়িয়ে চলতে হবে। আমাদের লক্ষ্য হতে হবে সর্বক্ষেত্রে বাংলাদেশের বিজয়।’
পদ্মার ভাঙনকবলিত এলাকা জাজিরার কুন্ডেরচর এলাকা থেকে সংবর্ধনায় আসে কৃতী শিক্ষার্থী খুখু মণি। কুন্ডেরচর কালু ব্যাপারী স্কুল ও কলেজটি পদ্মার ভাঙনে কয়েকবার বিলীন হয়েছে। বিদ্যালয়ের সঙ্গে সঙ্গে খুখু মণিদের ঠিকানাও বদলেছে। কিন্তু ভাঙাগড়ার মধ্যেই লেখাপড়া চালিয়ে গেছে খুখু মণি। কখনো থেমে যায়নি। শিশু বয়স থেকে শিখেছে কীভাবে সংগ্রাম করে টিকে থাকতে হয়। অনুষ্ঠানে এসে তার ভালো লাগছে বলে জানায়।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীরা আবৃত্তি, বন্ধুসভার বন্ধুরা নৃত্য ও সংগীত পরিবেশন করেন। প্রথম আলোর আয়োজনে ও ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর পৃষ্ঠপোষকতায় ৬৪ জেলায় অনুষ্ঠিত হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা। আয়োজনে সহযোগিতা করছে ফ্রেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।