সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। এর মধ্যে একজন ওই মোটরসাইকেলের আরোহী এবং অপরজন পথচারী নারী। এ ঘটনায় ওই মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার ভোর ছয়টার দিকে উপজেলার ফৌজদারহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মোটরসাইকেল আরোহী শিল্পী মণ্ডল (৩৪) এবং পথচারী মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক নারী।
বারআউলিয়া হাইওয়ে পুলিশ সূত্র জানায়, আজ ভোরে ঢাকার মোহাম্মদপুর আনসার ক্যাম্প এলাকা থেকে মোটরসাইকেল আরোহীদের একটি দল রাঙ্গামাটির কাপ্তাই বেড়াতে যাচ্ছিল। পথে সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় এলে মানসিক ভারসাম্যহীন এক নারী দ্রুতগতির মোটরসাইকেলের সামনে এসে পড়ে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ওই নারীকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মোটরসাইকেল আরোহী আবদুল মোমিন ও তাঁর স্ত্রী শিল্পী মণ্ডল গুরুতর আহত হন।
সহযাত্রী ও স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা শিল্পী মণ্ডলকে মৃত ঘোষণা করেন। একই হাসপাতালে আহত আবদুল মোমিনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে বারআউলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক প্রথম আলোকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পুরো ঠিকানা এখনো পাইনি আমরা। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে হেফাজতে নিয়েছি। নিহত ব্যক্তিদের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেব আমরা।’