কুষ্টিয়ায় বেসরকারি হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে রোগীর মৃত্যু, চিকিৎসককে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া জেলার মানচিত্র

কুষ্টিয়ায় বেসরকারি আদ্–দ্বীন হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে ফিরোজা খাতুন (৪৫) নামের এক রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসক আবদুর রহমানকে মারধর করেছেন রোগীর স্বজনেরা। এ সময় তাঁদের থামাতে গেলে কর্তব্যরত নার্সদের ওপর চড়াও হন তাঁরা।

সোমবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া শহরে থানাপাড়ায় চাঁদ মোহাম্মদ সড়কে অবস্থিত হাসপাতালটির নিজস্ব ভবনে এ ঘটনা ঘটে। পরে কুষ্টিয়া মডেল থানা পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

মারা যাওয়া ফিরোজা খাতুন (৪২) কুষ্টিয়া শহরের থানাপাড়ার আইয়ুব আলীর স্ত্রী। মারধরের ঘটনার কয়েকটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাহেব আলী প্রথম আলোকে বলেন, হাসপাতাল থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যান। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়শন (বিএমএ) কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ কুষ্টিয়া শাখার সভাপতি আমিনুল হক প্রথম আলোকে বলেন, উভয় পক্ষের মধ্যে মীমাংসা হয়ে গেছে।

আদ্–দ্বীন হাসপাতালের কর্মকর্তা ও পুলিশ সূত্রে জানা গেছে, পিত্তথলিতে পাথর অপারেশনের জন্য গতকাল রোববার বিকেল ৪টার দিকে ফিরোজা খাতুনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকাল সাড়ে ৯টার দিকে তাঁকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়। অস্ত্রপচারের করার কথা ছিল কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহযোগী অধ্যাপক (সার্জন) আমিরুল ইসলামের। এনেস্থেসিস্ট ছিলেন আবদুর রহমান।

আদ্‌–দ্বীন হাসপাতালের সহকারী মহাব্যবস্থাপক রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, রোগীর মাঝেমধ্যে অচেতন হয়ে যাওয়ার প্রবণতা ছিল—যা তাঁর স্বজনেরা চিকিৎসককে জানাননি। অস্ত্রোপচারের জন্য অচেতন করা হলে রোগীর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এরপর রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে দ্রুত পাশের আরেকটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে নেওয়া হয়। সেখানে রোগীর মৃত্যু হয়। কিন্তু রোগীর স্বজনেরা অভিযোগ করেন, রোগীকে মেরে ফেলা হয়েছে। চিকিৎসক আবদুর রহমান বিষয়টি রোগীর স্বজনদের বোঝাচ্ছিলেন। হঠাৎ কয়েকজন উত্তেজিত হয়ে তাঁকে লাথি মারেন। এরপর হাত দিয়েও আঘাত করেন। এ সময় নার্সেরা ঠেকাতে গেলে তাঁদের ওপরও চড়াও হন তাঁরা। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

মারা যাওয়া ফিরোজা খাতুনের এক স্বজন বলেন, রোগীকে সুস্থ অবস্থায় অস্ত্রোপচার কক্ষে নিয়ে যাওয়া হয়। এরপর তিনি ওষুধ কিনতে বাইরে যান। এসে শোনেন চিকিৎসক বলছেন, রোগী অজ্ঞান হয়ে গেছে। অপারেশন করতে পারবেন না। এর পরপরই রোগী মারা যায়।