অবৈধভাবে ভারতে গিয়ে আটক ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে দেশে ফিরলেন
কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়ে আটক হওয়া ১৪ জন বাংলাদেশি নাগরিককে যশোরের বেনাপোল ইমিগ্রেশন দিয়ে দেশে ফেরত আনা হয়েছে। গতকাল শুক্রবার রাত আটটার দিকে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে দেশটির পুলিশ আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসা বাংলাদেশিদের বাড়ি সুনামগঞ্জ, যশোর ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায়।
মানবাধিকার সংস্থা ও বেনাপোল বন্দর থানা–পুলিশ সূত্রে জানা গেছে, ভালো কাজের সন্ধানে অবৈধ পথে ভারতে গিয়ে ওই ১৪ বাংলাদেশি দেশটির পুলিশের হাতে আটক হন। পুলিশ তাঁদের আদালতে সোপর্দ করলে ভারতীয় একটি মানবাধিকার সংস্থা তাঁদের ছাড়িয়ে শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাঁরা দেশে ফেরার সুযোগ পান। ফেরত আসা ব্যক্তিদের আইনি সহায়তা দিয়েছে মানবাধিকার উন্নয়ন সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার।
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন বলেন, দেশে ফেরত আসা নাগরিকদের সাধারণ ডায়েরির মাধ্যমে একটি উন্নয়ন সংস্থার অনুকূলে হস্তান্তর করা হয়েছে।
জাস্টিস অ্যান্ড কেয়ারের আঞ্চলিক ব্যবস্থাপক অপূর্ব কুমার সাহা বলেন, বাংলাদেশে ফেরত আসা নাগরিকেরা অবৈধভাবে বিভিন্ন সময়ে ভারতে গিয়ে পুলিশের হাতে আটক হন। আদালতের মাধ্যমে মানবাধিকার সংস্থার শেল্টার হোমে আশ্রয় হয় তাঁদের। এরপর জাস্টিস অ্যান্ড কেয়ারের মাধ্যমে তাঁদের দেশে ফেরত আনা হয়েছে। দেশে আনার পর তাঁদের পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।