আমীর খসরুর প্রতিদ্বন্দ্বী প্রার্থী লিখলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের রায়ই চূড়ান্ত’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হওয়ায় বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শফিউল আলম। তিনি ওই আসনে আমীর খসরুর নিকটতম প্রতিদ্বন্দ্বী। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই শুভেচ্ছাবার্তা দেন।
শফিউল আলম লিখেছেন, ‘চট্টগ্রাম-১১ সংসদীয় আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিজয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের রায়ই চূড়ান্ত, আমরা সেই রায়কে সম্মান ও স্বাগত জানাই। নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্যেও আমাদের মনোবল সব সময় অটুট ছিল। ফলাফল যা–ই হোক, দলমত ও ধর্মবর্ণ–নির্বিশেষে সকল মানুষের প্রতি আমাদের দায়িত্ব ও ভালোবাসা অটুট থাকবে।’
চট্টগ্রামে সংসদীয় আসন রয়েছে ১৬টি। এর মধ্যে বেসরকারি ফলে ১২টিতে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থীরা। জামায়াতে ইসলামীর প্রার্থীরা জিতেছেন দুটি সংসদীয় আসনে। বাকি দুটি আসনে বিএনপির প্রার্থীর ফলাফল আদালতের নির্দেশনায় স্থগিত রয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল সাড়ে চারটায়। সন্ধ্যার পর থেকে ফল ঘোষণা করতে শুরু করেন রিটার্নিং কর্মকর্তারা।
গতকাল রাতে নগরের বন্দর স্টেডিয়াম কমপ্লেক্সে প্রাথমিক ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে চট্টগ্রাম-১১ আসনের ফল ঘোষণা করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী। ফলাফল অনুযায়ী, এ আসনে জয়লাভ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি ১৪৪ কেন্দ্রে পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৯৯৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ শফিউল আলম পেয়েছেন ৭৬ হাজার ৬৮১ ভোট।
রাঙ্গুনিয়া ও মিরসরাই
এদিকে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির হুমাম কাদের চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন জামায়াতের প্রার্থী এটিএম রেজাউল করিম। তিনি ফেসবুকে পেজে লেখেন, ‘চট্টগ্রাম-৭ সংসদীয় আসনে জনাব হুমাম কাদের চৌধুরীর বিজয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের রায়ই চূড়ান্ত—আমরা সেই রায়কে সম্মান ও স্বাগত জানাই। নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মাঝেও আমাদের মনোবল সব সময় অটুট ছিল, আছে এবং থাকবে।’
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির হুমাম কাদের চৌধুরী পেয়েছেন ১ লাখ ১ হাজার ৪৪৫ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামীর এ টি এম রেজাউল করিম পেয়েছেন ৪১ হাজার ৭১৯ ভোট।
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনেও বিএনপির বিজয়ী প্রার্থী নুরুল আমিনকে অভিনন্দন জানিয়েছেন জামায়াতের মো. ছাইফুর রহমান। তিনি লেখেন, ‘আমি মিরসরাইবাসীর প্রতি কৃতজ্ঞ, যারা আমাকে ৮১২২৭ ভোট দিয়েছেন এবং হাঁ–কে জয়যুক্ত করেছেন। আমি নির্বাচিত সংসদ সদস্য জনাব নুরুল আমিন চেয়ারম্যানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি, তাঁর নেতৃত্বে মিরসরাইবাসী শান্তি ও স্বস্তির পথে এগিয়ে যাবে।’
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপির প্রার্থী নুরুল আমিন ১ লাখ ২৮ হাজার ৭৯৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ ছাইফুর রহমান পেয়েছেন ৮৪ হাজার ৫৩৮ ভোট।