সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী–স্ত্রীসহ একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বাসচাপায় ব্যাটারিচালিত ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মহাসড়কের মুলিবাড়ী-কড্ডার মোড়ের মধ্যভাগে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার পূর্ব বাঐতাড়া গ্রামের গোলাম মোস্তাফার ছেলে সফিকুল ইসলাম (৩৫), সফিকুলের স্ত্রী সুমনা বেগম (৩০) ও বোন লাকী আক্তার (২৫)। এ দুর্ঘটনায় ভ্যানচালক ও আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাঁদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন নিহত সফিকুলের মা রঙ্গীলা বেগম (৫০), ভাবি জোবাইদা খাতুন (৩৫), জোবাইদার মেয়ে রাইসা খাতুন (৩) ভ্যানচালক নুরুল ইসলাম (৪৬)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একটি ব্যাটারিচালিত ভ্যানে করে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী এলাকা থেকে কড্ডার মোড়ের দিকে যাচ্ছিলেন একই পরিবারের ছয়জন। ওই সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মুলিবাড়ী-কড্ডার মোড়ের মধ্যভাগে পৌঁছায়। ভ্যানটি হঠাৎ মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী বাসটি সেটিকে চাপা দিয়ে চলে যায়। এ সময় ভ্যানটি দুমড়েমুচড়ে গিয়ে যাত্রী, চালকসহ সাতজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তিনজনকে মৃত ঘোষণা করেন। অন্যদের হাসপাতালে চিকিত্সা চলছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, নিহত দম্পতির লাশ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। লাকী আক্তারের লাশ তাঁদের বাড়িতে নিয়ে গেছে। আহত ব্যক্তিদের হাসপাতালে চিকিত্সা চলছে। বাসটি এখনো শনাক্ত করা যায়নি। তবে চেষ্টা চলছে।